×

শেষের পাতা

বকুলতলায় মেঘলা দিনে ‘ঘনঘটা’ নাচে মুগ্ধ দর্শক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বকুলতলায় মেঘলা দিনে ‘ঘনঘটা’ নাচে মুগ্ধ দর্শক

চারুকলার বকুলতলায় গতকাল শুক্রবার সকাল থেকেই মানুষের ঢল নামে। কেউ এসেছিলেন পরিবার, কেউ বন্ধু, কেউ-বা সঙ্গীকে নিয়ে এসেছিলেন। বকুলতলার সামনে লোকে লোকারণ্য, বসার জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে ছিলেন। ঠাসা ভিড়ের মধ্যে অনেকে ভেতরে ঢুকতে পারেননি। নারীরা শাড়ি আর পুরুষেরা পাঞ্জাবি সাদা, সবুজ ও নীলে বর্ষার আবহে সেজেছিল পুরো চারুকলা।

ভরা বৃষ্টির মওশুম হওয়া সত্ত্বেও অনুষ্ঠানে আগত কারোর হাতেই ছিল না ছাতা। অনুষ্ঠানের মঞ্চ সজ্জায়ও রাখা হয়নি বৃষ্টি থেকে রক্ষা পাবার কোনো ছাউনি। থাকবেই-বা কেন; অনুষ্ঠানের ঘোষণাতেই যে ছিল- ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী, গৃহিণী ও শিক্ষার্থীসহ নানা পেশার সঙ্গে জড়িত অপেশাদার অদম্য নৃত্যশিল্পীদের এ অনুষ্ঠানে ‘ছাতা নিয়ে আসা যাবে না।’, কারণ ‘ভিজবো একসঙ্গে’।

মেঘের গুড়গুড় আর শ্রাবণের সকালে এমন আবহ যেন ক্ষণিকের জন্য ভুলিয়ে দিয়েছিল নগর জীবনের যান্ত্রিকতাকে।

গতকাল সকালে বকুলতলার ঐতিহ্যবাহী মঞ্চে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত বর্ষা উদযাপনের ‘ঘনঘটা’ শীর্ষক নৃত্য প্রযোজনার নৃত্যের ছন্দ-তালে উপস্থিত শতসহস্র উৎসবপ্রিয় রাজধানীবাসী যেন সেই স্বাদই আস্বাদন করলেন।

অর্থী আহমেদ ড্যান্স অ্যাকাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ প্রযোজনায় ৩ থেকে ৭০ বছর বয়সী ৩ শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে বর্ষা উদযাপনের এই ‘ঘনঘটা’ শুরু হয় ঠিক সকাল ১১টায়।

আয়োজকদের ভাষ্য মতে- ঘনঘটা শুধু একটি নৃত্য প্রযোজনা নয়, বরং এটি নতুন করে শুরু করার উৎসব; যেখানে বয়স কোনো বাধা নয়, আর মনের ভেতরে চেপে রাখা স্বপ্নকে ডানা মেলতে দেয়া হয়। একুশে পদক পাওয়ার পর নৃত্যশিল্পী অর্থী আহমেদের নির্দেশনায় অনুষ্ঠিত প্রথম এ আয়োজনে ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’ গানে মঞ্চে যখন একঝাঁক তরুণ শিল্পী তাদের নৃত্য পরিবেশন করছিলেন, তখন পুরো দর্শক সারিতেও যেন সেই নাচের ঢেউ উথলে উঠছিল। আর অনুষ্ঠান স্থলের ঘোষণা মঞ্চে থেকে ভেসে আসছিল বৃষ্টির কবিতার দোলায়িত ছন্দ; যে দোলায় দুলে উঠেছে পুরো চারুকলা অনুষদ। দুলবেই না বা কেন- এ আয়োজনে যে ছিল- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং আবহমান গ্রামবাংলার লোক ঐতিহ্যভিত্তিক ১৬টি নৃত্য পরিবেশনা। যে সব পরিবেশনার নান্দনিকতায় যে উঠে এসেছে আবহমান গ্রামবাংলার বর্ষার চিরন্তন রূপ-রস-গন্ধ।

বাংলার বর্ষার চিরন্তন রূপ-রস-গন্ধকে তুলে ধরতে প্রায় ৪ মাস আগে থেকে প্রস্তুতি শুরু করা গতকালের এই আয়োজন কেবল বর্ষা উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল সংগ্রহ করা উদ্দেশ্যও ছিল। যে কারণে- অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় দুটি অনুদান বুথ স্থাপন করা হয়। সেখানে দর্শনার্থীরা স্বেচ্ছায় অনুদান দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। এ বিষয়ে নৃত্যশিল্পী অর্থী আহমেদ জানান, শিল্পী হিসেবে সমাজের প্রতি আমাদের একটি বড় দায়িত্ব রয়েছে। তাই বর্ষা উদযাপনের পাশাপাশি বন্যাকবলিত দুর্গত মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা করছি আমরা।

অর্থী আহমেদ বলেন, নগরজীবনে বর্ষা এখন অনেকের কাছেই জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তি হয়ে উঠেছে। অথচ বাংলার সংস্কৃতিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বর্ষা আমাদের উৎসব ও প্রাণের অংশ। সেই সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মের সামনে আনতেই এই আয়োজন। মানুষ যেন শুধু বর্ষা উদযাপনই না করে, একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোরও সুযোগ পায়- আমরা মূলত এমন একটি মানবিক পরিসর তৈরি করতে চেয়েছি।

আয়োজকরা জানান, এবারের এই ৯০ মিনিটের এই বর্ণিল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে যেমন ছিল খুদে শিশু ও প্রথমবারের মতো মঞ্চে ওঠা নৃত্যশিল্পীরা, তেমনি ছিলেন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, গবেষক ও গৃহিণীসহ বিভিন্ন পেশার মানুষ। গত বছরের প্রথম ‘ঘনঘটা’ অনুষ্ঠানের দারুণ সাড়াই এবার আরো বড় পরিসরে এই মানবিক ও সাংস্কৃতিক মেলবন্ধনটি আয়োজন করতে অনুপ্রাণিত করেছে বলে জানান তারা।

প্রসঙ্গত, গত বছর একই স্থানে ‘ঘনঘটা’ আয়োজন করেছিল অর্থী আহমেদ ড্যান্স অ্যাকাডেমি। অর্থী আহমেদের নির্দেশনায় অংশ নিয়েছিলেন ১৮ থেকে ৭০ বছর বয়সী ১১০ শিল্পী। বছর ঘুরে সেই স্থানেই অনুষ্ঠিত হলো বর্ষার নৃত্য উৎসব ‘ঘনঘটা’; যাকে ‘ঘনঘটা-২’ হিসেবেও উল্লেখ করছেন আয়োজনের সঙ্গে থাকা অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোল্ডেন বুট ও বল কি খাঁটি  স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

গোল্ডেন বুট ও বল কি খাঁটি স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু

অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস  খাদে, হতাহত ১৪

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, হতাহত ১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫,০৬৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫,০৬৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App