প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সতর্কবার্তা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে একটি প্রতারকচক্র ওটিপিসহ অন্যান্য তথ্য চাচ্ছে বলে এমন অভিযোগ পেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ কারণে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সতর্ক বার্তা দেয়া হয়েছে। গত ১৫ জুলাই এ সংক্রান্ত সতর্কতা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
সতর্কীকরণ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে প্রতারকচক্র ওটিপিসহ অন্যান্য তথ্য চাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় বর্ণিত ফোনের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে কোনো ধরনের ওটিপি জানার জন্য যোগাযোগ করেন না।
সব উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা যাতে কোনো ওটিপি বা পাসওয়ার্ড এবং উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কোনো তথ্য অন্য কারও কাছে প্রদান/হস্তান্তর না করেন সে বিষয়ে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
