হরিদাসের আশু মুক্তির দাবিতে সমাবেশ-মিছিল
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ৮১ ফুট উচ্চতায় রামমূর্তি নির্মাণ করতে চেয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক সমাবেশ ও প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মনীন্দ্র কুমার নাথ, অজয় চক্রবর্তী, রবীন্দ্রনাথ বসু, হেমন্ত আই কোরাইড়া, অতুল চন্দ্র মণ্ডল, কৃষ্ণ দাস, মঞ্জু রানী প্রামানিক, সজীব সরকার, অ্যাডভোকেট মিন্টু দাস, নির্মল চন্দ্র, মনোরঞ্জন রায়, পার্বতী রানী দাস, স্মরণ সাহা প্রমুখ।
সভায় বক্তারা কথিত অর্থ পাচারের মামলায় গত ১২ জুলাই রাতে হরিদাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বেশ কিছুকাল যাবত উগ্র সাম্প্রদায়িক মহল মূর্তি নির্মাণের বিরোধিতা করে এসেছে এবং হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, যা সারা দেশজুড়ে অহেতুক ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে। সরকার কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ও নৈরাজ্যকর পরিস্থিতির অবসানে তাদের বিরুদ্ধে কোনরূপ শাস্তিমূলক পদক্ষেপ না নিয়ে সাম্প্রদায়িক হুমকির শিকার হরিদাসকে গ্রেপ্তার নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য এবং তা গণতন্ত্র ও আইনের শাসনের নির্লজ্জতম পরিপন্থি।
বক্তারা আরো উল্লেখ করেন, নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের সব সম্প্রদায় সমান অধিকার ভোগ করবে, কারো প্রতি বৈষম্য করা হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নির্বাচন-পরবর্তী চার মাসে পত্রপত্রিকায় প্রকাশিত প্রায় দুইশ’টি সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যা, ধর্ষণ, মন্দিরে হামলা, আদিবাসীদের উপর হামলা, কথিত ধর্ম অবমাননার নামে গ্রেপ্তারসহ অন্যান্য হিংসাত্মক ঘটনা ঘটেছে। যার কোনোটিরই দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতাই আনা হয়নি।
সমাবেশে জানানো হয়, হরিদাস চন্দ্র তরণী মন্দিরে দেব-দেবীর বিগ্রহ ছাড়াও বৃদ্ধাশ্রম, চিকিৎসাকেন্দ্রসহ নানান জনকল্যাণমূলক প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে মানবিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। অনতিবিলম্বে হরিদাসের আশু মুক্তির দাবি জানিয়েছে বক্তারা।
