লবণ কারখানার আগুনে পুড়ে আরো দুই মৃত্যু
চট্টগ্রাম অফিস
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে বোয়ালখালী উপজেলায় লবণ কারখানায় আগুনে ঝলসে যাওয়া আরও দুজন মারা গেছেন। গত রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। মারা যাওয়া দুজন হলেন উজ্জ্বল দাশ (৫৩) ও নুর নবী হৃদয় (২৫)। প্রথমজনের বাড়ি রাঙ্গুনিয়ার পোমরায়। অপরজন বোয়ালখালীর গোমদণ্ডির বাসিন্দা।
গত ১৬ জুলাই বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট কারখানায় আগুন লাগলে তাতে মারাত্মকভাবে ঝলসে যান কারখানাটির এসব শ্রমিক-কর্মচারী। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো।
সেদিন আগুনের লেলিহানে মোট ১০ জন ঝলসে গিয়েছিলেন। দুর্ঘটনার পর তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওইদিন রাতে চমেক হাসপাতালে দুজন মারা গিয়েছিলেন।
চট্টগ্রাম, মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এস খালেদ সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনার পর থেকে পাঁচজন আইসিইউতে ছিলেন। তাদের মধ্যে আগে দুজন মারা যায়। রবিবার রাতে আরও দুজনের মৃত্যু হয়। তাদের প্রায় ৫০ ভাগ পুড়ে যায়। এ কারণে তারা খুবই সংকটাপন্ন ছিলেন।
