×

শেষের পাতা

চার স্থানে পুলিশি বাধার মুখে এনসিপির নেতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চার স্থানে পুলিশি বাধার মুখে এনসিপির নেতারা

হবিগঞ্জে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কয়েকটি জায়গায় বাধার সম্মুখীন হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ৪ স্থানে বাধার সম্মুখীন হয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা বাকবিতণ্ডা ও অবস্থান কর্মসূচির পর গতকাল বুধবার রাত ৮টার দিকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযোগ দায়ের করেছেন এনসিপি নেতারা।

গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল উপজেলার চা কন্যা-ভাস্কর্য এলাকায় প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির গাড়িবহর। এ সময় গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়াতে দেখা যায়। পুলিশও তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনি যদি পারেন আমাদের নিরাপত্তা দেবেন। আর যদি না পারেন, তাহলে আমরা নিজের দায়িত্বে চলে যাব। কোন আইনে আমাদের বাধা দিচ্ছেন?

জবাবে পুলিশ কর্মকর্তা নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করলে হাসনাত বলেন, নিরাপত্তার হুমকি যারা সৃষ্টি করছে, তাদের না ধরে আমাদের পথরোধ করা হচ্ছে। হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে শ্রীমঙ্গলে রাস্তা আটকে দেয়া বেআইনি। পুলিশ কর্মকর্তা জানান, আপনারা এই সীমানা পার হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। পরে এনসিপির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন। তবে হবিগঞ্জ সীমান্তের রশিদপুর গ্যাসফিল্ড এলাকায় পৌঁছালে আবারো ট্রাক ফেলে সড়ক অবরোধ করে তাদের আটকে দেয়া হয়। সেখানে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের সঙ্গে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহর দীর্ঘ আলোচনা হয়। এ সময় প্রবল বৃষ্টির মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতারা সড়কে বসে অবস্থান নেন। পরে তারা হবিগঞ্জে প্রবেশ করে মামলা দায়ের করে ফিরে যাওয়ার প্রস্তাব দিলেও পুলিশ তাতে অনুমতি দেয়নি।

এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে গতকাল বুধবার বিকাল ৩টার দিকে হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। সমাবেশে অংশ নিতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আতিক মুজাহিদ এমপিসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যাচ্ছিলেন। হবিগঞ্জ জেলার এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল দাবি করেন, গত মঙ্গলবার সন্ধ্যায় শান্তিপূর্ণ পদযাত্রা শেষে সার্কিটহাউসের উদ্দেশে যাওয়ার পথে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান। এ হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়। তিনি আরো অভিযোগ করেন, আহত নেতাকর্মীদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার সময়ও দ্বিতীয় দফায় হামলা করা হয়। এতে সারজিস আলম, জেলা সদস্য সচিব মুবিন বারীসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশের সহায়তায় উদ্ধার হয়ে সার্কিটহাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবে না দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ভাঙচুর করা হয় ও তিনি নিজেও পায়ে আঘাত পান। তার দাবি, অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন ও একজনের চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, এনসিপির নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ এনে গতকাল বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদল। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, এনসিপির নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণেই হবিগঞ্জের ছাত্র-জনতা প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান বলেন, এনসিপির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি ও দলের জাতীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এ কারণে হবিগঞ্জের সাধারণ ছাত্র-জনতা তাদের ধাওয়া করেছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল তবে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আমরা প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, সমাবেশ ও মিছিল করিনি। এদিকে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল বুধবার হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক জানান, জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী ১৪৪ ধারা বলবৎ থাকায় হবিগঞ্জ শহরে কোনো রাজনৈতিক দল সভা, সমাবেশ, মিছিল, পথসভা, পিকেটিং বা এ ধরনের কোনো কর্মসূচি পালন করতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে তেলের দামের বড় পতন

বিশ্ববাজারে তেলের দামের বড় পতন

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট- মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট- মার্কেট বন্ধ

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App