বিশ্ববাজারে তেলের দামের বড় পতন
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:২১ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় সরবরাহে তাৎক্ষণিক সংকটের আশঙ্কা কমেছে, যার প্রভাব পড়েছে বাজারে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় দুপুর ১টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।
আরো পড়ুন : মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ছে স্বর্ণের দাম
এর আগের কার্যদিবসে অবশ্য সংঘাতের প্রভাবেই তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল, যা চলমান উত্তেজনার মধ্যে অন্যতম বড় মূল্যবৃদ্ধি হিসেবে বিবেচিত হয়। এরও আগে মঙ্গলবার পাঁচ মাস ধরে চলা সংঘাতের মধ্যে সাময়িক বিরতির জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছিল।
এদিকে, ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় রাতভর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সময় বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া এ হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশ ও দ্বীপে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী দিনগুলোতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে।
