×

শেষের পাতা

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামে লালদীঘি শাখার ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার দুই

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ক্যাশ ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হয়ে গেছে। ভল্ট থেকে এই বিপুল পরিমাণ টাকা আত্মসাতের ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের সিনিয়র অফিসার (ক্যাশ ইনচার্জ) মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীর (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক লালদীঘি পূর্ব করপোরেট শাখায়। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি- গায়েব হওয়া অর্থ বিভিন্ন গ্রাহকের আমানতের টাকা।

থানায় দায়ের হওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষে নগদ অর্থের হিসাব এবং ভল্টে সংরক্ষিত অর্থের হিসাব মেলাতে গিয়ে গড়মিল দেখতে পান ব্যাংক কর্তৃপক্ষ। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ব্যাংকের ওই শাখায়। পরে ভল্টের হিসাব, সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও নথি যাচাই করে ৪ কোটি ৩৮ লাখ টাকা ঘাটতি পাওয়া যায়। এ বিষয়ে ক্যাশ ভল্টের দায়িত্বে থাকা সিনিয়র অফিসার কামরুল হোসেন সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।

চাঞ্চল্যকর এই ঘটনা উদ্ঘাটিত হওয়ার পর ওই রাতেই কোতোয়ালী থানায় মামলা করেন অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব করপোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ। মামলায় কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

এজাহারে কামরুল হোসেনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলা হয়েছে, ভল্টে টাকা জমা দেয়ার সময় ১ হাজার টাকার নোটের বড় বান্ডিলের ভেতরে ১০০ টাকা বা তার কম মূল্যমানের নোট ঢুকিয়ে বান্ডিল সাজানো হতো।

ফলে বাইরে থেকে দেখে ভল্টে পুরো টাকা রয়েছে বলে মনে হলেও প্রকৃত অর্থের পরিমাণ ছিল কম। অভিযোগ রয়েছে, এভাবে সরানো অর্থ জাফরুল্লাহ তানভীরের কাছে অবৈধভাবে বিশেষ শর্তে বিনিয়োগ করা হয়। ওই অর্থ দিয়ে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামারের কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে ওই খামারে বিভিন্ন জাতের ৫০ থেকে ৬০টি গরু রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, গ্রাহকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপে যোগাযোগের তথ্য ও রেকর্ড এবং ৬৪ জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। তিনি বলেন, মামলাটি তদন্তাধীন। ঘটনায় আরো কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে

ঘটনায় আর কারও সম্পৃক্ততা রয়েছে কিনা, তা বের করার চেষ্টা চলছে।

এদিকে অগ্রণী ব্যাংক কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. মোতাহের হোসেন বলেন, ঘটনাটি নিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ অডিট চলছে। অডিট শেষ হলে অর্থের ঘাটতি ও ঘটনায় কারো সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট

পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট

মাটির নিচেই ‘সেদ্ধ’ হচ্ছে আলু

মাটির নিচেই ‘সেদ্ধ’ হচ্ছে আলু

নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরে সতর্কসংকেত, যেসব জেলায় হতে পারে বৃষ্টি

নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরে সতর্কসংকেত, যেসব জেলায় হতে পারে বৃষ্টি

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯ শতধিক

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯ শতধিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App