ছবি এঁকে উদ্বোধন
দুই দিনব্যাপী সুলতান উৎসব শুরু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শিশুদের চিত্রাঙ্কনের মধ্য দিয়ে গতকাল নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী সুলতান উৎসব -ভোরের কাগজ
নড়াইলে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শুরু হয়েছে। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই উৎসব ৩ শতাধিক শিশু শিল্পীর চিত্রাঙ্কণের মধ্য দিয়ে শুরু হয়।
গতকাল শুক্রবার সকালে শহরের সুলতান মঞ্চে ছবি একে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, বরেণ্য চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের রং-তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটে ওঠে এস এম সুলতানের প্রতিকৃতি, বাংলার অপরূপ প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ মেলা ও মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। আয়োজকদের মতে, নতুন প্রজন্মের কোমলমতি শিশুদের মধ্যে সুলতানের মহান শিল্পচেতনা ও সৃষ্টিশীল কর্ম ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই প্রতিবছর এই ধরনের উৎসবের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এই বর্ণিল উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও থাকছে শিশুদের আঁকা ছবির বিশেষ প্রদর্শনী, এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
শেখ হানিফ বলেন, আমরা ১৭/১৮ বছর যাবৎ বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান উৎসব করে আসছি। এবার তিন শতাধিক শিশু শিক্ষার্থী চিত্রাঙ্কন উৎসবে অংশগ্রহণ করছে। এদের মধ্য থেকেই আগামীতে বরেণ্য চিত্র শিল্পী বেরিয়ে আসবে।
মোস্তাফিজুর রহমান আলেক বলেন, এস এম সুলতান ছিলেন একজন বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী। তার চিত্রকর্মে এদেশে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের কঠোর পরিশ্রমের চিত্র ফুটে উঠেছে। তিনি সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
