বাংলাদেশ ব্যাংক
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন নিয়ে নির্দেশনা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরো সহজ করতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারে জানানো হয়।
গতকাল বুধবার জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছে, প্রচলিত জটিল রপ্তানি নথির ওপর নির্ভরতা কমিয়ে এখন থেকে ইমেইল, প্ল্যাটফর্ম স্টেটমেন্ট এবং অন্যান্য ডিজিটাল যোগাযোগের মতো ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতেই ফ্রিল্যান্সাররা তাদের বৈদেশিক আয়ের অর্থ নিতে পারবেন। এর ফলে বৈশ্বিক ডিজিটাল বাণিজ্যের সঙ্গে লেনদেন প্রক্রিয়াটি অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হবে। ক্ষুদ্র অঙ্কের লেনদেন সহজ করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স পাওয়ার ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র জমা দিতে হবে না। অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের (ওপিজিএসপি) মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ গ্রহণ করা যাবে, তবে এসব অর্থ নির্ধারিত সময়ের মধ্যে দেশে আনা নিশ্চিত করতে হবে।
আর্থিক লেনদেন আরো কার্যকর করতে সার্কুলারটিতে ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ ইস্যুর কথা বলা হয়েছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএসপি) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) ব্যবহার স¤প্রসারণ করা হয়েছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত এক্সপোর্টার্স রিটেনশন কোটার (ইআরকিউ) অধীনে বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন। অন্যান্য সেবা রপ্তানিকারকদের ক্ষেত্রে এই সীমা রাখা হয়েছে ৩০ শতাংশ, যা তাদের আন্তর্জাতিক ব্যয় ব্যবস্থাপনায় বাড়তি স্বাধীনতা দেবে।
