মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিকট বিস্ফোরণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা সদৃশ বেশ কয়েকটি বস্তু উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি বস্তুকে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা ডিসপোজাল টিম। বস্তুটি নিষ্ক্রিয় করার সময় মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
তিনি বলেন, এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের কাছে রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ আসে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিট যায়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর মেট্রোরেল স্টেশনের নিচে কে বা কারা এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ও সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করার কাজ করছে। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বোমা নাকি ককটেল ছিল, তা নিশ্চিত করা যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডিটোনেটর জাতীয় বস্তু পাওয়া গেছে ও সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল।
আরো জানা যায়, ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছেন। এছাড়া এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
