×

খেলা

বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ জার্মান কোচ নাগলমানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ জার্মান কোচ নাগলমানের

২০২৬ বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন ইউলিয়ান নাগলসমান। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের টানা তিনটি বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থতার পর তার এই বিদায়কে জার্মান ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। নাগলসমানের পদত্যাগের খবর নিশ্চিত করেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। একইসঙ্গে নতুন কোচ হিসেবে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে ইউর্গেন ক্লপের নাম।

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে হেরে বিদায় নেয় জার্মানি। সেই হারের পর বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সদর দপ্তরে প্রায় তিন ঘণ্টার বৈঠকে বসেন নাগলসমান ও সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা। বৈঠকের পরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জার্মানির প্রভাবশালী দৈনিক বিল্ড জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ানোয় ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৭০ লাখ ইউরো পাবেন ৩৮ বছর বয়সী এই কোচ।

মজার বিষয় হলো, প্যারাগুয়ের কাছে হারের পরপরই পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন নাগলসমান। তিনি বলেছিলেন, ‘আমি এমন মানুষ নই, যে শুধু বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছি বলেই দায়িত্ব ছেড়ে দেব। ডিএফবি চাইলে আমি কাজ চালিয়ে যেতে প্রস্তুত।’ কিন্তু এক দিনের ব্যবধানে পরিস্থিতি বদলে যায়। ডিএফবির সঙ্গে আলোচনার পর দায়িত্ব ছাড়ার পথই বেছে নেন তিনি।

২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানির দায়িত্ব নেন নাগলসমান।

পরে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত করা হয়েছিল।

বিশ্বকাপের নকআউট পর্বে গত চার দশকের মধ্যে সবচেয়ে কম বয়সী কোচ হিসেবেও নাম লেখান তিনি। কিন্তু প্রতিভাবান এই কোচের অধীনে জার্মানি প্রত্যাশিত সাফল্য পায়নি।

২০১৪ সালে ব্রাজিলে চতুর্থ বিশ্বকাপ জয়ের পর থেকেই ধারাবাহিকভাবে পিছিয়ে পড়ছে জার্মান ফুটবল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। এবার অন্তত নকআউটে উঠলেও শেষ বত্রিশেই থেমে যায় তাদের অভিযান। টানা তিনটি বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মান ফুটবলে বড় পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে, আর সেই চাপের মধ্যেই দায়িত্ব ছাড়লেন নাগলসমান।

নাগলসমানের বিদায়ের পর নতুন কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন ইউর্গেন ক্লপ। স্কাই স্পোর্টস জার্মানির দাবি, জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন সাবেক লিভারপুল কোচ। বর্তমানে তিনি রেড বুল গ্রুপের বৈশ্বিক ফুটবল প্রধান হিসেবে কাজ করছেন। তবে তার চুক্তিতে এমন একটি ধারা রয়েছে, যার মাধ্যমে জার্মান জাতীয় দলের প্রস্তাব এলে তিনি যেকোনো সময় বর্তমান দায়িত্ব ছাড়তে পারবেন।

জার্মান ফুটবলের সামনে এখন নতুন পথচলার চ্যালেঞ্জ। বিশ্বকাপের ধারাবাহিক ব্যর্থতার পর সমর্থকদের প্রত্যাশা, নতুন কোচের হাত ধরে আবারো ইউরোপ ও বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে ফিরে আসবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই প্রত্যাবর্তনের দায়িত্ব শেষ পর্যন্ত ক্লপের কাঁধেই ওঠে কি না, সেটিই এখন জার্মান ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার

নোয়াখালী চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার

খামেনির জানাজায় ৭০ দেশের অংশগ্রহণ, বন্ধুরাষ্ট্রদের ছাড় ঘোষণা ইরানের

খামেনির জানাজায় ৭০ দেশের অংশগ্রহণ, বন্ধুরাষ্ট্রদের ছাড় ঘোষণা ইরানের

কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা আবাদি জমি

কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা আবাদি জমি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App