×

খেলা

সাইবার হামলায় তোলপাড় আর্জেন্টিনা ফুটবল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাইবার হামলায় তোলপাড় আর্জেন্টিনা ফুটবল

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় নিয়ে বিতর্ক থামার আগেই নতুন সংকটে পড়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এবার সাইবার হামলার শিকার হওয়ার দাবি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানের সরকারি ই-মেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে সাংবাদিকদের কাছে একাধিক ভুয়া বার্তা পাঠানো হয়েছে, যা নিয়ে বিশ্ব ফুটবলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যাবধানে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছে মিসর। পরাজয়ের পর মিসর ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে ম্যাচ পরিচালনাকারী রেফারি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়ার দাবি তোলে। এরমধ্যেই আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সরকারি ই-মেইল থেকে সাংবাদিকদের কাছে কিছু বিস্ময়কর বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় দাবি করা হয়, ‘আর্জেন্টিনা জেতেনি’ এবং ম্যাচের ফল ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফল’। শুধু তা-ই নয়, সেখানে মিসরের ফুটবলারদের প্রশংসা করে লেখা হয়, প্রকৃতপক্ষে তারাই ম্যাচের যোগ্য বিজয়ী ছিল।

খবরটি ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কারণ বিশ্বচ্যাম্পিয়ন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সরকারি অ্যাকাউন্ট থেকে এমন বক্তব্য আসা ছিল অত্যন্ত অস্বাভাবিক। পরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জরুরি বিবৃতি দিয়ে জানায়, ওই বার্তাগুলোর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

সংস্থার বিবৃতিতে বলা হয়, তাদের একটি প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট থেকে অনুমোদনহীন কিছু বার্তা পাঠানো হয়েছে। এগুলো কোনো কর্মকর্তা বা কর্মচারী তৈরি করেননি এবং এগুলোর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না। পুরো বিষয়টিকে তারা সাইবার হামলার অংশ হিসেবে দেখছে এবং ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

একইসঙ্গে সাধারণ মানুষ ও সাংবাদিকদের সতর্ক করে দেয়া হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সা¤প্রতিক সময়ে তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক কোনো ই-মেইল, বিশেষ করে যেখানে কোনো লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলোতে সাড়া না দেয়ার অনুরোধ করা হচ্ছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় পুরো ঘটনার উৎস শনাক্ত করার কাজ চলছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিসরীয় বংশোদ্ভূত একটি হ্যাকার গোষ্ঠী এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি তদন্তাধীন বলেই বিবেচনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

অন্যদিকে মাঠের বিতর্কও থামেনি। মিসরের কোচ হোসাম হাসান ম্যাচ শেষে অভিযোগ করেন, রেফারির সিদ্ধান্তগুলো আর্জেন্টিনার পক্ষেই গেছে। তার দাবি, বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে ধরে রাখার অদৃশ্য চাপ কাজ করেছে এবং তার দল অবিচারের শিকার হয়েছে। যদিও এ অভিযোগ নিয়ে ফিফা এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্বকাপের মাঠে রোমাঞ্চকর ফুটবলের পাশাপাশি মাঠের বাইরের বিতর্কও এখন সমান আলোচনার বিষয় হয়ে উঠেছে। নাটকীয় প্রত্যাবর্তনের জয়ের পর রেফারিং বিতর্ক, আনুষ্ঠানিক অভিযোগ এবং এবার সাইবার হামলার দাবি- সব মিলিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে একইসঙ্গে ক্রীড়া ও প্রযুক্তিগত দুই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আগামী কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এই ঘটনাও স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

মন্ত্রীদের সফরে আলোচনায় সিংগাইর, অপূর্ণ উন্নয়নে দীর্ঘশ্বাস!

মন্ত্রীদের সফরে আলোচনায় সিংগাইর, অপূর্ণ উন্নয়নে দীর্ঘশ্বাস!

পাঁচদিন পর চালু চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

পাঁচদিন পর চালু চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App