পারেদেসের লাল কার্ড বাতিল করল ফিফা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের নামের পাশে দেখানো লাল কার্ড সরিয়ে নিয়েছে ফিফা। গত রবিবার স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে ফিফার অফিশিয়াল ম্যাচ ট্র্যাকারে পারেদেসের নামের পাশে লাল কার্ড দেখা গেলেও কিছুক্ষণ পর তা সরিয়ে নেয়া হয়। পরে ফিফা নিশ্চিত করেছে, ম্যাচের সরকারি হিসেবে পারেদেসকে কোনো লাল কার্ড দেখানো হয়নি। তবে লাল কার্ড না দেখানো হলেও ফাইনালের পরের ঘটনায় পারেদেস শাস্তির ঝুঁকিতে রয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার কারণে তার বিরুদ্ধে আলাদাভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।
মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষে জড়ান পারেদেস। এক পর্যায়ে তাকে গার্সিয়ার গলা চেপে ধরে মাটিতে ফেলে দিতে দেখা যায়। এরপর স্পেনের মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দিয়ে ফেলে দেন আর্জেন্টাইন এই ফুটবলার।
ফিফার ম্যাচ ট্র্যাকারে প্রথমে পারেদেসের নামের পাশে লাল কার্ড দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে কিছুক্ষণ পর সেই তথ্য সরিয়ে নেয়া হয়। কেন প্রথমে লাল কার্ডের তথ্য দেখানো হয়েছিল, সে বিষয়ে ফিফার পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। এদিকে ফাইনালের পর দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। গত সোমবার সংস্থাটি জানিয়েছে, ঘটনাটি তদন্তে একজন শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। তদন্ত শেষে তিনি প্রয়োজন মনে করলে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরুর সুপারিশ করতে পারবেন।
শুধু পারেদেস নন, ফাইনালের পরের ঘটনায় আরো কয়েকজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হতে পারে। একটি ভিডিওতে দেখা যায়, শেষ বাঁশি বাজার পর সতীর্থদের সঙ্গে উদযাপন করতে মাঝমাঠের দিকে দৌড়ে যাচ্ছিলেন স্পেন অধিনায়ক রদ্রি। এ সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে তার পেটে ঘুসি মারতে দেখা যায়।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোর সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়। এক পর্যায়ে আয়ালা ওলমোকে ঘুসি মারেন বলেও ভিডিওতে দাবি করা হয়েছে। ফিফার তদন্তে এসব ঘটনাও গুরুত্ব পেতে পারে।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচের শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের উত্তপ্ত আচরণ এখন ফিফার তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন পারেদেস। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা! আজো, সবসময়ের মতোই আমি তোমাকে ভালোবাসি। আজ ভারাক্রান্ত হৃদয়ে লিখছি। কারণ, আমরা আমাদের দেশকে সেই আনন্দ এনে দিতে পারিনি, তারা সত্যিই যার যোগ্য ছিল। কিন্তু আমরা সবকিছু উজাড় করে দিয়েছি এবং আবারো আমাদের পতাকাকে সর্বোচ্চ মর্যাদায় তুলে ধরেছি।’
পারেদেসের নামের পাশে দেখানো লাল কার্ড শেষ পর্যন্ত বাতিল হলেও ফাইনালের পরের সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কি না, এখন সেটিই দেখার বিষয়।
