×

খেলা

বিশ্বকাপের কান্না শেষে বাবার কাছে মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের কান্না শেষে বাবার কাছে মেসি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে হারের বেদনা নিয়ে শেষ পর্যন্ত নিজের শহরেই ফিরেছেন লিওনেল মেসি। স্পেনের কাছে শিরোপা হারানোর পর এবার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিজেকে সামলে নেয়ার পালা আর্জেন্টিনার অধিনায়কের। বিশ্বকাপের ধকল কাটিয়ে কবে আবার মাঠে ফিরবেন মেসি- এখন সেটিই ভক্তদের বড় প্রশ্ন।

স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ব্যক্তিগত বিমানে রোজারিও বিমানবন্দরে পৌঁছান মেসি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তাদের তিন সন্তান। পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রশাসনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপিকে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধূসর রঙের একটি এসইউভিতে করে মেসি রোজারিওর পাশের শহর ফুনেসের একটি সুরক্ষিত আবাসিক এলাকায় প্রবেশ করছেন। রোজারিও সফরে সাধারণত ফুনেসের শহরতলিতে নিজের বাড়িতেই অবস্থান করেন তিনি। এবারো বিশ্বকাপের ব্যস্ততা ও ফাইনালের হতাশা পেছনে ফেলে সেখানেই পরিবারের সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটাবেন মেসি।

তবে রোজারিওতে মেসির জন্য অপেক্ষা করছিলেন তার বাবা হোর্হে মেসি। ৬৮ বছর বয়সী হোর্হে বর্তমানে অসুস্থতার কারণে চিকিৎসাধীন। বিশ্বকাপ চলাকালেই মেসির পরিবারের পক্ষ থেকে তার অসুস্থতার বিষয়টি জানানো হয়েছিল। বাবার সঙ্গে দেখা করাও মেসির এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করা হচ্ছে।

প্রিয় তারকাকে একনজর দেখতে মেসি রোজারিও পৌঁছানোর অনেক আগেই বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন সমর্থকেরা। স্থানীয় সময় রাত সাড়ে তিনটার আগেই সেখানে উপস্থিত ছিলেন অনেক ভক্ত। তাদের মধ্যে আকাশি-সাদা জার্সি পরা দুই শিশুও ছিল। হাতে ছিল মেসিকে স্বাগত জানানোর ব্যানার। একটিতে লেখা ছিল, ‘মেসি: তুমি জীবন্ত কিংবদন্তি। আমাদের হৃদয়ে আনন্দ ছড়িয়ে দেয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে!’

মেসি যখন রোজারিওতে পরিবারের কাছে ফিরেছেন, তখন আর্জেন্টিনা দলের বেশিরভাগ খেলোয়াড় ও কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যে বুয়েনস এইরেসে পৌঁছে গেছেন। গত সোমবার রাতে তাদের স্বাগত জানাতে বিমানবন্দর ও আশপাশে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। করতালি, স্লোগান, পতাকা আর অশ্রæসিক্ত আবেগে প্রিয় দলকে বরণ করে নেয় আর্জেন্টাইনরা। বিশ্বকাপ জিততে না পারলেও দলের প্রতি সমর্থকদের ভালোবাসায় কোনো কমতি ছিল না।

গত রবিবারের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসিকে দেখা যায় অশ্রæসিক্ত চোখে। ৩৯ বছর বয়সে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপেও শিরোপা জিততে না পারার হতাশা নিশ্চয়ই তাকে পুড়িয়েছে। তবে পুরো টুর্নামেন্টে ব্যক্তিগতভাবে দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে ৮ গোল করে দলের অন্যতম প্রধান ভরসা ছিলেন তিনি। এখন অবশ্য মেসির সামনে জাতীয় দলের ব্যস্ততা নেই। বরং কিছুদিন বিশ্রাম নিয়ে ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি নেবেন তিনি। এমএলএসের নতুন মৌসুম এরই মধ্যে গত শুক্রবার শুরু হয়েছে। তবে বিশ্বকাপ শেষে অতিরিক্ত বিশ্রাম পাবেন মেসি এবং তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দি পল।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামির হয়ে এমএলএসের পরবর্তী দুটি ম্যাচে খেলবেন না মেসি ও দি পল। আগামী বুধবার শিকাগো ফায়ারের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই তাদের মাঠে নামার সম্ভাবনা নেই। এমনকি ২৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এমএলএস অল-স্টার ম্যাচেও দেখা যাবে না তাদের।

অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের পর আপাতত ফুটবল থেকে কিছুটা দূরেই থাকছেন মেসি। পরিবার, নিজের শহর আর বাবার সান্নিধ্যে কাটবে তার কয়েকটি দিন। এরপর বিশ্রাম শেষে ফিরবেন ক্লাব ফুটবলে। কবে ফিরবেন, তা নিয়ে ভক্তদের অপেক্ষা থাকলেও আপাতত মেসির জন্য সবচেয়ে জরুরি হয়ে উঠেছে বিশ্বকাপের হতাশা কাটিয়ে নিজেকে ফিরে পাওয়া।

৩৯ বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে আবারো নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মেসি। শিরোপা শেষ পর্যন্ত অধরা থাকলেও তার পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন নেই। তাই ফাইনালের সেই কান্না পেছনে ফেলে আবারো যখন মাঠে ফিরবেন ফুটবলের এই মহাতারকা, তখন তার দিকে তাকিয়ে থাকবে পুরো ফুটবলবিশ্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App