মাথা নত করবে না ইরান : পেজেশকিয়ান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের চাপ, নিষেধাজ্ঞা ও হুমকির কাছে ইরান কখনো মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে যুদ্ধের অবসান ও সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইরান প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞা, চাপ ও হুমকি যত বাড়বে, ইরানের জনগণের প্রতিরোধও তত বাড়বে। তার ভাষায়, ‘আমরা কখনো মাথা নত করব না, কখনোই হাঁটু গেড়ে বসব না।’
এর এক দিন আগে জাতিসংঘে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটিকে ‘ধ্বংস’ করার হুমকি দিয়েছিলেন। পেজেশকিয়ান ওই বক্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের নীতির সমালোচনা করেন।
তবে একই সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথাও স্পষ্ট করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান সংলাপ, কূটনীতি ও আলোচনার জন্য প্রস্তুত। তবে শক্তি প্রয়োগের ভাষা মেনে নেওয়া হবে না।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যেকোনো চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক অবরোধ প্রত্যাহারের বিষয়টি থাকতে হবে। হরমুজ প্রণালিতে ইরানের নৌ চলাচলের অধিকারও নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।
হরমুজ প্রণালি প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, একটি জলপথ থেকে অন্যরা সুবিধা নেবে, অথচ ইরান সেখানে চলাচলের সুযোগ পাবে না—এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না; তবে শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির অধিকারও ছাড়বে না।
ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতদের ছবি দেখান ইরানের প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানকে সন্ত্রাসবাদের জন্য দায়ী করার অভিযোগেরও সমালোচনা করেন তিনি। পেজেশকিয়ানের দাবি, ইরান সন্ত্রাসবাদের শিকার।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতারের মধ্যস্থতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। আলোচনায় যুদ্ধের অবসান, মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ সম্পদ ছাড়ার মতো বিষয় নিয়ে ইরানের শর্ত তুলে ধরা হয়েছে বলে তেহরান জানিয়েছে।
