×

যুক্তরাষ্ট্র

চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পৌঁছালে তাকে ও তার স্ত্রী পেং লিউয়ানকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বিমানবন্দরে শি ও পেং লিউয়ানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মার্কিন শিশুরা। লাল গালিচায় সামরিক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের অভ্যর্থনা জানানো হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সামরিক বিমান দিয়ে অভিবাদন জানানো হয়।

বিদেশি কোনো নেতাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবন্দরে গিয়ে স্বাগত জানানোর ঘটনা বিরল। এর আগে ট্রাম্প নিজেই শিকে বিমানবন্দরে স্বাগত জানানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

শির সঙ্গে ট্রাম্পের বৈঠকে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান, ইরান ও গুরুত্বপূর্ণ খনিজসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

স্বাগত বক্তব্যে ট্রাম্প শি জিনপিং ও পেং লিউয়ানকে ওয়াশিংটনে স্বাগত জানাতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি শিকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যদিকে শি জিনপিং লিখিত বক্তব্যে চীনা জনগণের পক্ষ থেকে মার্কিন জনগণের প্রতি শুভেচ্ছা জানান। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই বড় দেশ এবং দুই দেশের স্বার্থ গভীরভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। দুই দেশের উচিত প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে অংশীদার হিসেবে কাজ করা।

শি আরও বলেন, চীনা জাতির পুনরুত্থান এবং ‘আমেরিকাকে আবার মহান করা’—দুই লক্ষ্য পরস্পর সাংঘর্ষিক নয়। তার মতে, দুই দেশ একে অপরকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বকে উপকৃত করতে পারে।

চীনা প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সহযোগিতাকে প্রধান ভিত্তি, প্রতিযোগিতাকে নিয়ন্ত্রিত এবং মতপার্থক্যকে ব্যবস্থাপনাযোগ্য রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে বের করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি জানান, ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীরভাবে মতবিনিময় এবং দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা করছেন।

শি জিনপিংয়ের এবারের সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এটি এক দশকেরও বেশি সময় পর ওয়াশিংটনে তার প্রথম রাষ্ট্রীয় সফর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সুন্দর সমাপ্তির মতো’, হাজারতম গোল নিয়ে রোনালদোর বিশেষ ইচ্ছা

‘সুন্দর সমাপ্তির মতো’, হাজারতম গোল নিয়ে রোনালদোর বিশেষ ইচ্ছা

এবার নির্মাণাধীন সেতুতে রডের বদলে জিআই তার

এবার নির্মাণাধীন সেতুতে রডের বদলে জিআই তার

পুলিশের হাতে আটক, এরপর থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর

পুলিশের হাতে আটক, এরপর থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App