জুলাইযোদ্ধাদের তাড়িয়ে দিতে চাইলেন আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা!
পলাশ খাঁন
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম
জনসম্মুখে বক্তব্য চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে জুলাই যোদ্ধাদের উদ্দেশ্য করে আইজিপি মো. আলী হোসেন ফকির ফিসফিসিয়ে বললেন- ‘স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে?’ কথাটি তিনি চুপিচুপি বললেও- মাইকের আওয়াজে শুনে ফেললেন সবাই। পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তার থেকে এমন অপেশাদার আচরণ দেখে হতভম্ব হয়েছিলেন উপস্থিত সবাই।
আরো পড়ুন- পেটাও না কেন ওদের: ছাত্রলীগ নেতা সাদ্দামকে ওবায়দুল কাদের
গেলো ৫ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে ক্ষোভ ও প্রতিবাদে ফেটে পড়েন অনেকেই।
এসময় উপস্থিত শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে জোরগলায় আপত্তি জানাতে থাকেন। তাদের অভিযোগ, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং শহীদদের মহান আত্মত্যাগের বিষয় সঠিকভাবে তুলে ধরা হয়নি। একপর্যায়ে পুরো মিলনায়তনে হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরো পড়ুন: পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন, চলছে তদন্ত
এসময় উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত ও স্বাভাবিক করার চেষ্টা করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ঠিক সেই মুহূর্তে পুলিশ মহাপরিদর্শক- মো. আলী হোসেন ফকির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এগিয়ে যান এবং বিক্ষোভকারীদের ইঙ্গিত করে প্রশ্ন করেন- ‘স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে?’ আইজিপির এমন প্রশ্নে সঙ্গে সঙ্গে হাত উঁচিয়ে তাঁকে নিষেধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে কোনো ধরনের কঠোর পদক্ষেপ না নেওয়ার জন্যও নির্দেশ দেন।
আইজিপির এই প্রশ্ন এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনকারীদের প্রতি এমন শব্দচয়ন নিয়ে নেটিজেনদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন: রাষ্ট্রপতি হতে লাগবে যেসব যোগ্যতা
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে অনেকেই লিখেছেন- ‘বিগত ১৭ বছরে পুলিশের ভূমিকা দেখার পরও পুলিশের মানসিকতা এখনও বদলালো না।’ কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন, ‘যাঁদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আজকের পরিবর্তন, তাদেরকেই আজ বের করে দেওয়ার কথা বলা হচ্ছে; ক্ষমতার রূপ সত্যিই অদ্ভুত।’
