বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম
ছবি : সংগৃহীত
সাময়িকভাবে বন্ধ রাখার পর কৌশলগত হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় সম্পূর্ণভাবে খুলে দিয়েছে ইরান। এই ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেকটা কমে যায়। খবর বিবিসির।
বাজার বিশ্লেষণের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯৮ ডলারের ওপরে থাকলেও ঘোষণার পর তা ৯০ ডলারের নিচে নেমে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের তেলের বাজার সূচক ‘নাইমেক্স’ এ লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
আরো পড়ুন : হরমুজ পাড়ি দিতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার আগে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭০ ডলারের নিচে। তবে মার্চের শুরুতে সংঘাতের কারণে তা ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং মাসের শেষ দিকে রেকর্ড ১১৯ ডলারে পৌঁছায়। দীর্ঘ উত্তেজনার পর হরমুজ প্রণালি খুলে দেওয়ায় সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরে আসার প্রত্যাশায় বাজারে এই পতন দেখা গেছে।
মূলত লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষাপটে ইরান এই সিদ্ধান্ত নেয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি খুলে দেওয়াকে বিশ্ব অর্থনীতির জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে তেলের বাজার আরো স্থিতিশীল হতে পারে।
