৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০১:২৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল ১০টা পর্যন্ত পাওয়া বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী, এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এলেঙ্গা এলাকায়। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
অন্যদিকে পত্নীতলা উপজেলার গাহন মোড় এলাকায় ড্রামট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার নজিপুর-ধামইরহাট সড়কে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আবু হাসান ও তরিকুল ইসলাম মারা যান।
এদিকে মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে মো. আলী হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছে, সামনে থাকা ট্রাকটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
গাইবান্ধা জেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন সাবেক জজ এম এ আউয়াল সরকার। রোববার বিকেলে গাইবান্ধা জজকোর্ট থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
অন্যদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার ভোররাতে দোগাছি ও সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম মো. হোসেন।
সোমবার সকালে যমুনা সেতুগামী স্ট্যাক ইয়ার্ড বাইপাস সড়কে বালুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।
এছাড়া বগুড়ার শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশু কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত আনিছুর রহমান রংপুরে ব্র্যাক–এ কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা পৃথকভাবে এসব দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
