পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম
ছবি: সংগৃহীত
পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জ্যেষ্ঠ নাগরিকদের নিয়ে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপদেষ্টা কিংবা দায়িত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দেবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণ প্রজন্মকেও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।
অন্যদিকে, সরকারি কোয়ার্টারে বসবাসকারীরা নিজ নিজ আবাসিক এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কারে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তাঁদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে বলে সতর্ক করেছে সরকার।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটিগুলোর অগ্রগতি, বাস্তবায়িত উদ্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় বর্তমান সরকার ঢাকা মহানগরসহ দেশের সব মহানগরকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি আঞ্চলিক কার্যালয়ে একটি করে কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কমিটিগুলো মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে এসব কমিটি প্রায় ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি কোয়ার্টার, ১৫২টি বাজার ও শপিং কমপ্লেক্স এবং ১৮৮টি সড়ক, ফুটপাত ও জনস্থান পরিদর্শন করেছে। এ ছাড়া ১৩৬টি বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, কলোনি ও বস্তিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিচ্ছন্নতা পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে পাড়া-মহল্লাভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা কমিটি গঠনের সুপারিশটি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।
পাড়া-মহল্লার কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা
মীর শাহে আলম বলেন, রাজধানীতে প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী বসবাস করছেন। তাঁরা রাষ্ট্রের অভিজ্ঞতাসম্পন্ন নাগরিক। তাঁদের দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে প্রধানমন্ত্রী প্রত্যেক পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, এসব কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপদেষ্টা কিংবা দায়িত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দেবেন। পাশাপাশি তরুণ প্রজন্মকেও পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত করা হবে। খুব দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
অপরিচ্ছন্ন সরকারি কোয়ার্টারে বাতিল হতে পারে বরাদ্দ
রাজধানীর সরকারি কোয়ার্টারগুলোর পরিচ্ছন্নতা পরিস্থিতি সবচেয়ে শোচনীয় বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব কোয়ার্টারে বসবাসকারীরা ময়লা-আবর্জনা পরিষ্কারে প্রয়োজনীয় উদ্যোগ না নিলে এবং আগের মতো অপরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে তাঁদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকাকে বাসযোগ্য নগরী করতে নাগরিকদের আহ্বান
প্রতিমন্ত্রী বলেন, সরকার ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুর বানানোর অবাস্তব প্রতিশ্রুতি দিতে চায় না। বরং ঢাকাকে একটি প্রকৃত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
এ জন্য শুধু রাষ্ট্র বা ব্যবস্থার ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে প্রত্যেক নাগরিককে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। নগরীর পরিবেশ উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী (আবু আবদুল্লাহ এম ছালেহ), অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
