×

খুলনা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে আলোচনার মাঝেই এবার তার বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় শনিবার (১৪ নভেম্বর) এ মামলাটি দায়ের করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) নামে এক ব্যক্তি। মামলায় আবদুল হালিম ওরফে টম মাষ্টারকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে এমপি নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি দখলের চেষ্টা করেন আবদুল হালিম। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়।

ইদ্রিস আলী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করে নিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে তিনি সপরিবারে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

এজাহারে আরও বলা হয়, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় নুসরাত তাবাসসুম বাদী হয়ে যে মামলা করেছেন সেই মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। এমনকি জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়িয়ে আবারও কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে অভিযোগ করেন ইদ্রিস আলী। তবে কারও প্ররোচনায় নয়, নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে এতদিন মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি। 

বাদী ইদ্রিস আলী বলেন, ‘আবদুল হালিমের ভাইদের কাছ থেকে আমি জমি কিনেছিলাম। কেনা জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। মূলত সেই ঘটনার জন্যই থানায় মামলা করেছি। এ মামলা দায়েরে আমি কারও দ্বারা প্রভাবিত হইনি।' 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তার অনেকের সঙ্গেই বিরোধ আছে। যতদূর জানি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।’ আবদুল হালিম আরও বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে আমি এখনো বিস্তারিত কিছু জানি না।’

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি আবদুল হালিমের বিরুদ্ধে মামলা একটি করেছেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরীকে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমেব পৈতৃক বাড়িতে আগুন লাগে। বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে নুসরাতসহ এনসিপি নেতারা অভিযোগ করেন। এর পরের দিন বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পেট্রলবোমা ব্যবহারের বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন এবং বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেন। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে দেশব্যাপী আলোচনার রেশ কাটতে না কাটতে এর মাঝেই তার বাবার বিরুদ্ধে মামলা হওয়ায় আলোচনায় নতুন মোড় নিয়েছে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

গভর্নর ‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App