×

ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

ছবি : সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদনের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ১৪ সেপ্টেম্বরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আজ রাত ৮টায় প্রকাশ করা হবে।

নির্ধারিত সময়ে অনলাইনে ফল জানতে পারবেন আবেদনকারীরা। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়নসহ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তি হবে এসএসসি ফলের ভিত্তিতে

এর আগে গত ২৪ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

সাধারণ শিক্ষার্থীদের ভর্তি আবেদন ১০ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হওয়ার কথা থাকলেও পরে আবেদনের সময় বাড়ানো হয়। এর ফলে খাতা চ্যালেঞ্জের মাধ্যমে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পান।

নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে মোট আসনের ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।

কোটার ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে।

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা সনদ যাচাই করে ভর্তি সম্পন্ন করা হবে।

মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে না পাওয়া গেলে সংশ্লিষ্ট আসন খালি রাখা যাবে না। সেক্ষেত্রে মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করার বিধান রাখা হয়েছে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর বা সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ আসন রাখার প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানের প্রত্যয়নপত্র দিতে হবে। আবেদনকারীর সংখ্যা বেশি হলে সংশ্লিষ্ট কোটার প্রার্থীদের মধ্যেই মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।

ভর্তি কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বর

আজ রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। সবশেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

নীতিমালা অনুযায়ী, এই কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

যেভাবে ফল দেখা যাবে

একাদশ শ্রেণির ভর্তির ফল অনলাইনে দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইটে https://xiclassadmission.gov.bd/ প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।

পরে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ করলে ফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংক ঘিরে আজও মুখোমুখি দুই পক্ষ, মতিঝিলে উত্তেজনা

ইসলামী ব্যাংক ঘিরে আজও মুখোমুখি দুই পক্ষ, মতিঝিলে উত্তেজনা

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত শতাংশ ইনক্রিমেন্ট

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত শতাংশ ইনক্রিমেন্ট

স্মৃতির পাতায় সালমান শাহ-মান্না, শাবনূর-সোনিয়া, ভিডিও ভাইরাল

স্মৃতির পাতায় সালমান শাহ-মান্না, শাবনূর-সোনিয়া, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App