×

এশিয়া

তাইওয়ানের স্বাধীনতা নিয়ে ট্রাম্পের কড়া বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৩৭ এএম

তাইওয়ানের স্বাধীনতা নিয়ে ট্রাম্পের কড়া বার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা সমর্থনযোগ্য নয় এবং এমন পদক্ষেপ সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।

শুক্রবার (১৫ মে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর দেশে ফেরার পথে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চাই না কেউ স্বাধীন হয়ে যাক। একই সঙ্গে তিনি জানান, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে কোনো পরিবর্তন হয়নি।

ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তাইওয়ান প্রসঙ্গ বিস্তারিতভাবে উঠে এসেছে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি তাইওয়ানকে রক্ষা করবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি তিনি।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একটি যুদ্ধের জন্য আমাদের ৯ হাজার ৫০০ মাইল পথ পাড়ি দিতে হবে। আমি এমন কিছু চাই না। আমি চাই সবাই শান্ত থাকুক।

তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান বহু বছর ধরেই উত্তেজনাপূর্ণ। চীন স্বায়ত্তশাসিত দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে এবং প্রয়োজনে বলপ্রয়োগের হুমকিও দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের স্বাধীনতা সমর্থন না করলেও তাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।

আরো পড়ুন : জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

গত বুধবার ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই চীন সফরে যান ট্রাম্প। তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার দেশে ফেরেন তিনি। সফরের শেষ দিনে শি জিনপিংয়ের সঙ্গে তার চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তাইওয়ান ইস্যু গুরুত্ব পায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে ফেরার পথে বিমানে সাংবাদিকদের ট্রাম্প জানান, তাইওয়ান নিয়ে তিনি ও শি অনেক কথা বলেছেন। তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

ট্রাম্প বলেন, শি জিনপিং তাইওয়ান ইস্যুতে খুবই দৃঢ় অবস্থানে আছেন এবং তিনি স্বাধীনতার কোনো আন্দোলন দেখতে চান না।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি সঠিকভাবে সামলানো না হলে দুই দেশের মধ্যে সংঘর্ষ এমনকি যুদ্ধও হতে পারে।

তাইওয়ান নিয়ে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, না, আমি তা মনে করি না। আমার মনে হয় আমরা ঠিক থাকব। শি যুদ্ধ দেখতে চান না।

সাম্প্রতিক বছরগুলোতে চীন তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া বাড়িয়েছে, যা এ অঞ্চলে উত্তেজনা আরো বাড়িয়েছে।

গত বছরের শেষ দিকে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে প্রায় ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ বিক্রির ঘোষণা দেয়। এতে উন্নত রকেট লঞ্চার ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিল বেইজিং।

ট্রাম্প জানিয়েছেন, অস্ত্র বিক্রির বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন। তিনি আরো বলেন, এ বিষয়ে শি জিনপিংয়ের সঙ্গে খুব বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি পৌঁছেছেন ৫৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৫ দিন বাড়াল লেবানন-ইসরায়েল

যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৫ দিন বাড়াল লেবানন-ইসরায়েল

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে জামায়াত আমিরের শঙ্কা

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে জামায়াত আমিরের শঙ্কা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App