×

ঢাকা

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

ছবি: সংগৃহীত

আট বছরের এক শিশুর জীবন বাঁচাতে সেপটিক ট্যাংকের পানিতে ঝাঁপ দিয়েছিলেন পোশাকশ্রমিক মো. ছকিনুর ইসলাম (৩০)। শিশুটিকে উদ্ধার করে নিরাপদে ওপরে তুলে দিলেও নিজে আর ফিরতে পারেননি। ট্যাংকের দেয়াল ও পাশের মাটি ধসে চাপা পড়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এদিকে বাবার ফেরার অপেক্ষায় রয়েছে তাঁর দুই সন্তান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ ধরছিল আট বছর বয়সী শিশু শাহিন কাজী লাভলু। একপর্যায়ে অসাবধানতাবশত সে ট্যাংকের পানিতে পড়ে যায়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় শিশুটিকে বাঁচাতে এক মুহূর্ত দেরি না করে ট্যাংকের পানিতে নেমে পড়েন ছকিনুর ইসলাম।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে ওপরে তুলে দেন তিনি। তবে শিশুটিকে বাঁচানোর পর নিজে আর ট্যাংক থেকে বের হতে পারেননি। মুহূর্তের মধ্যেই জরাজীর্ণ ট্যাংকের দেয়াল ও পাশের মাটি ধসে তাঁর ওপর পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ হন তিনি।

ছকিনুর ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাটিং বান্ডেলম্যান হিসেবে কাজ করেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দরগার পাড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

ঘটনার পর স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ধসে পড়া মাটি ও সেপটিক ট্যাংকের ধ্বংসস্তূপ সরিয়ে ছকিনুরকে উদ্ধারের চেষ্টা চলছে।

আশুলিয়া থানার এসআই মিরাজ ঘটনাস্থল থেকে জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এদিকে ছকিনুরের পরিবারের সদস্যরা তাঁর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। যে মানুষটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের সন্তানের প্রাণ বাঁচিয়েছেন, তাঁর অপেক্ষায় এখন পথ চেয়ে আছে নিজের দুই সন্তানও।

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App