×

ফুটবল

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ পিএম

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার পরবর্তী আসরও বসছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল প্রতিযোগিতার ২০২৮ সালের আসর যুক্তরাষ্ট্রে আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল। আগামী ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই শেষ হবে এক মাসের এই টুর্নামেন্ট। আগের আসরের ধারাবাহিকতায় এবারও অংশ নেবে ১৬টি দল।

এ নিয়ে তৃতীয়বারের মতো কোপা আমেরিকার আয়োজক হচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১৬ ও ২০২৪ সালে দেশটিতে বসেছিল প্রতিযোগিতাটির আসর। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত আগের দুই আসরে দারুণ সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। ২০১৬ সালে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি আলবিসেলেস্তেরা। তবে আট বছর পর ২০২৪ সালে সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই শিরোপা ধরে রাখে লিওনেল স্কালোনির দল।

২০২৮ সালের আসরে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন কনমেবলের ১০টি দলের পাশাপাশি অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন কনকাকাফের ছয়টি দল। কনকাকাফের ছয়টি দল নির্ধারিত হবে ২০২৭ সালের গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে। টুর্নামেন্টে অবস্থান ও নির্ধারিত যোগ্যতার মানদণ্ড অনুযায়ী দলগুলো কোপা আমেরিকায় খেলার সুযোগ পাবে।

যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনার পাশাপাশি দেশটির উন্নত অবকাঠামোও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন শহরের একাধিক স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। ফলে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আগে থেকেই প্রস্তুত রয়েছে।

কনমেবলের সভাপতি ও ফিফার সহসভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেস বলেছেন, ‘কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ২০২৮ সালে আমরা আবারও সেই আবেগ যুক্তরাষ্ট্রে নিয়ে যাব। এর মাধ্যমে কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে এবং পুরো মহাদেশে ফুটবলের বিকাশে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে। এই আয়োজন আবারও প্রমাণ করবে, ফুটবলের কোনো সীমানা নেই এবং বড় স্বপ্ন দেখলে আরও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।’

প্রসঙ্গত, ২০২৮ সালে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৯তম আসর। এই আসর আয়োজনের দৌড়ে শুরুতে আগ্রহ দেখিয়েছিল ইকুয়েডরও। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই আয়োজক হিসেবে বেছে নিয়েছে কনমেবল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App