সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে
অতুল চন্দ্র পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম
হামলাকারী ফয়সাল। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ভোরের কাগজ এবং মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি অতুল চন্দ্র পালকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুল ইসলাম ওরফে ফয়সাল খানের (৪২) বিরুদ্ধে। অভিযুক্তকে স্থানীয়ভাবে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।
সাংবাদিক অতুল চন্দ্র পাল জানান, তিনি হামের টিকা সংক্রান্ত একটি সরেজমিন প্রতিবেদন এবং এক আত্মীয়ের চিকিৎসার জন্য স্ত্রীসহ হাসপাতালে যান। এ সময় জরুরি বিভাগের সামনে তার পথরোধ করে ফয়সাল খান তাকে জোরপূর্বক ভেতরে নিয়ে যান।
তিনি অভিযোগ করেন, কক্ষে নিয়ে দরজা বন্ধ করে তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে গলা চেপে ধরা হয় এবং বুকে আঘাত করা হয়। এ সময় অন্ডকোষে আঘাত করে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও তিনি দাবি করেন। প্রায় ১৫ মিনিট তাকে আটকে রেখে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
ঘটনার সময় জরুরি বিভাগে থাকা লোকজন ভয়ে এগিয়ে আসেনি বলেও তিনি জানান। পরে সুযোগ পেয়ে তিনি সেখান থেকে বের হয়ে নিরাপদ স্থানে গিয়ে বিষয়টি সহকর্মীদের জানান।
ঘটনার পর বিকেলে বাউফল প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক নেতারা বাউফল থানার ওসির সঙ্গে দেখা করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে আশ্বাস দেয়।
এ ঘটনায় বাউফলে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
স্থানীয় সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংবাদিক ও সাধারণ মানুষকে হেনস্থা করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি জেলও খেটেছেন বলে দাবি করা হয়। জামিনে মুক্ত হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলেও অভিযোগ ওঠে।
বাউফল প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতারাও এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সাধারণ সম্পাদক জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ফয়সাল খানকে আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে রাজনৈতিক কারণে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তবে দলে থেকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।
কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, সাংবাদিক লাঞ্ছনার বিষয়টি তিনি জেনেছেন। স্থানীয় নেতাকর্মীদের অবগত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
