বাকি সরকার পালিয়ে যায়, বিএনপি বারবার ফিরে আসে : তথ্যমন্ত্রী
সঞ্জয় কুমার পাল, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি : ভোরের কাগজ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এবং দেশনায়ক তারেক রহমানের সরকারের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সেই ঐতিহ্য ধরে রাখতে ক্ষমতায় থাকাকালে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি বলেন, “বাকি সরকারগুলো পালিয়ে যায়, হারিয়ে যায়। কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাবাদী সরকারের ধারাবাহিকতা, জিয়া পরিবারের সরকার কখনো হারিয়ে যায় না, বারবার ফিরে আসে। তাই এমনভাবে ক্ষমতার চর্চা করতে হবে, যাতে জনগণের মধ্যে আপনাদের, আমার, প্রধানমন্ত্রীর কিংবা দলের প্রতি কোনো অসন্তোষ তৈরি না হয়।”
শনিবার (১১ জুলাই) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. জুয়েল সরদার এবং প্রধান শিক্ষক মো. নুরুল আলম।
অনুষ্ঠানে দলের স্থানীয় কয়েকজন নেতার নাম উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, “আমি দলের এই নেতাদের দায়িত্ব দিয়ে রাখলাম, ক্ষমতাসীন দলের নামে কিংবা আমার নামে এখানে কোনো অপরাধ যেন না হয়।”
সাধারণ মানুষের উদ্দেশে তিনি আরো বলেন, “আমাদের দলের কোনো নেতা যদি অপরাধ করেন, তাহলে প্রমাণসহ আমার কাছে আসবেন। ইনশাআল্লাহ আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
