বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:২৯ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা-বরিশাল ও বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ দুই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পসংলগ্ন স্থানে একটি দুর্ঘটনা ঘটে। একই দিন ভোরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার ভাঙ্গা পোল এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী রাতুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলাচলকারী একটি রিকশার ওপর উঠে গেলে রিকশাচালক মোশারফ হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মোশারফ হোসেন উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বাস ও রিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, শুক্রবার ভোরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার ভাঙ্গা পোল এলাকায় চট্টগ্রাম থেকে পটুয়াখালীগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশের যৌথ অভিযানে ট্রাকের ভেতর থেকে হেলপারকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হেলপার মো. হামিদ মণ্ডল (২০) ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর এলাকার বাসিন্দা। আহত চালক আরিফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার আরাবপুর এতিমখানা মোড় এলাকার বাসিন্দা।
লেবুখালী হাইওয়ে পুলিশের এসআই মো. শাহাদাৎ হোসেন বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত চালক চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
