×

বরিশাল

সড়ক নির্মাণে হরিলুট

কোটি টাকার প্রজেক্ট টিকল না এক মাসও

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

কোটি টাকার প্রজেক্ট টিকল না এক মাসও

ছবি : ভোরের কাগজ

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় গ্রামীণ যোগাযোগব্যবস্থা টেকসই করার লক্ষ্যে নির্মিত দুটি হেরিংবোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণের মাত্র এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ধসে পড়েছে। নতুন নির্মিত সড়কের এমন বেহাল অবস্থায় নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাটি ভরাট না করেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করায় কোটি টাকার প্রকল্পটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫–২০২৬ অর্থবছরে মনপুরা উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে মোট ১ হাজার ৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণে ১ কোটি ৩২ লাখ ৬৭ হাজার টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই ট্রেডার্স।

প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৭ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের আবহাওয়া অফিসসংলগ্ন আবু তাহেরের বাড়ি থেকে পূর্বদিকে বেড়িবাঁধ পর্যন্ত ১ হাজার মিটার এবং ৫ নম্বর ওয়ার্ডে গ্রামীণ টাওয়ারসংলগ্ন রহিম হাফেজের বাড়ি থেকে পশ্চিমে বেড়িবাঁধ মসজিদ পর্যন্ত ৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ করা হয়।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র এক মাসের মধ্যেই সড়ক দুটির বিভিন্ন স্থানে ইট দেবে গেছে, সরে গেছে এবং ভেঙে পড়েছে। কোথাও কোথাও ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সড়কের ভিত্তি শক্তিশালী করতে প্রয়োজনীয় বালু ও ইটের সলিং যথাযথভাবে দেওয়া হয়নি। সবচেয়ে বড় অভিযোগ, রাস্তা উঁচু করার জন্য প্রয়োজনীয় মাটি ভরাট না করেই ইট বসিয়ে কাজ শেষ করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে সড়ক ধসে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত এই সড়ক দীর্ঘদিন টেকসই হবে- এমন প্রত্যাশা ছিল তাদের। কিন্তু নির্মাণের এক মাসের মধ্যেই সড়কের এমন বেহাল অবস্থা দেখে তারা হতাশ। তারা নির্মাণকাজের গুণগত মান তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত মানসম্মতভাবে সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তসলিম বলেন, রাস্তার কাজ শুরুর আগে তিনি ঠিকাদারকে প্রথমে মাটি ভরাট করে রাস্তা উঁচু করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাঁর দাবি, সেই পরামর্শ উপেক্ষা করে মাটি ভরাট ছাড়াই হেরিংবোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণ করা হয়েছে।

তিনি আরো বলেন, এই সড়কের জন্য প্রায় ২ লাখ টাকার মাটি ভরাটের একটি পৃথক প্রকল্প ছিল। পরিকল্পনা অনুযায়ী আগে মাটি ভরাটের কাজ সম্পন্ন করে পরে এইচবিবি সড়ক নির্মাণ করার কথা থাকলেও তা করা হয়নি। ফলে রাস্তা ও পাশের জমির উচ্চতা সমান হয়ে গেছে। এ কারণেই অল্প সময়ের মধ্যেই সড়কটি ধসে পড়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই ট্রেডার্স-এর প্রতিনিধি জাহিদুর রহমান বলেন, “অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিপাত কমে গেলে পুরো সড়কটি পুনরায় মেরামত (রিপেয়ারিং) করা হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকাদারকে বিষয়টি জানানো হয়েছে। বৃষ্টি কমে গেলে তিনি সম্পূর্ণ সড়কটি মেরামত করবেন।

তবে স্থানীয়দের জানায়, যে সড়ক নির্মাণের মাত্র এক মাসের মাথায় বৃষ্টি ও জোয়ারের পানিতে ধসে পড়ে, সেই সড়ক দীর্ঘমেয়াদে কতটা টেকসই হবে? তারা প্রকল্পটির নির্মাণমান তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ফিরে যা বললেন বাঁধন

দেশে ফিরে যা বললেন বাঁধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App