কর বৃদ্ধি ছাড়াই উন্নয়নের বড় বাজেট দিল বিসিসি
এম. কে. রানা, বরিশাল
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: ভোরের কাগজ
বরিশাল সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় নগর ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
ঘোষিত বাজেটে কোনো ধরনের কর বৃদ্ধি করা হয়নি। বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, “বরিশালকে একটি মডেল নগরীতে পরিণত করতে চাই।” তিনি নগর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, নাগরিকবান্ধব ও টেকসই নগর গড়তে বিভিন্ন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেটে নারীদের জন্য আধুনিক পাবলিক টয়লেট নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে একটি বিশেষ মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া নগরবাসীর নিরাপদ সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে পানির এটিএম বুথ স্থাপন এবং পরিবেশবান্ধব নগর গড়তে একটি ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, নারী ও শিশুবান্ধব স্মার্ট মহানগর গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এটি বরিশাল সিটি কর্পোরেশনের ২৪তম বাজেট। বাজেট ঘোষণা অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
