ঠিকাদারের মৃত্যুর পর দেড় বছর বন্ধ সড়ক সংস্কার, ভোগান্তি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সেওতা–মানপাশা সড়কের প্রায় তিন কিলোমিটার অংশের সংস্কারকাজ ঠিকাদারের মৃত্যুর পর দেড় বছর ধরে বন্ধ রয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহনের চালকরা।
দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় দ্রুত কাজ পুনরায় শুরুর দাবিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে সড়কে মানববন্ধন করেন স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহনের চালকরা। মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারকাজ পুনরায় শুরু করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, সেওতা–মানপাশা সড়কটি নলছিটির মানপাশা এলাকার সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এ ছাড়া অন্তত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক সময় যানবাহন উল্টে গিয়ে যাত্রী ও পথচারীরা আহত হচ্ছেন।

বক্তারা বলেন, প্রায় দুই বছর আগে সংস্কারকাজ শুরু হলেও দেড় বছর ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত কাজ পুনরায় শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে নলছিটি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. মঈনুল আযম বলেন, “কাজটি ঠিকাদার মো. নাসিম আকন শুরু করেছিলেন। কাজ চলাকালীন তিনি মারা যাওয়ায় প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। দ্রুত কাজ পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে।”
এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
