সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যু, বরিশালে শোকের ছায়া
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
বরিশালের সাংবাদিক অঙ্গনের পরিচিত ও প্রিয়মুখ সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যুতে পুরো মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
সম্প্রতি ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর তার নন-হজকিং লিম্ফোমা ধরা পড়ে। এরপর থেকে তিনি ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এম মিরাজ হোসাইন বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম ও বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য ছিলেন। তিনি দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আরও পড়ুন: ‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’, ছাত্রলীগ নেত্রীকে ছাত্রদল নেত্রী
স্বজনরা জানান, শনিবার বেলা ৩টার দিকে মরহুমের মরদেহ ঢাকায় তার কর্মস্থল দৈনিক বণিক বার্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে লাশবাহী গাড়িতে করে মরদেহ বরিশালে আনা হবে।
আগামীকাল রোববার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের সামনে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিটিএমএ, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠক, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
উল্লেখ্য, এম মিরাজ হোসাইন দীর্ঘদিন দৈনিক ভোরের কাগজের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অবস্থায় তিনি দায়িত্বশীল সাংবাদিক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
