×

বিএনপি

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

ছবি : সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টে সংগীতশিল্পী নগরবাউল জেমসের গানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এ প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘কনসার্ট ফর সলিডারিটি’ শিরোনামে এ কনসার্টের আয়োজন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কনসার্টে গান পরিবেশন করেন জেমস। এ সময় তিনি ‘আমার সোনার বাংলা’ গানটিও পরিবেশন করেন।

গানটির একটি অংশে ছিল, ‘তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন...।’ বিএনপি সরকারের সময়ে আয়োজিত অনুষ্ঠানে গানের এই অংশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক সহনশীলতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আয়োজিত আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, গত ১৫ বছর তাঁরা ৭ নভেম্বর দিবসটি উদযাপন করতে পারেননি। তবে এবার পুরো জাতিকে স্বতঃস্ফূর্তভাবে দিবসটি পালন করতে দেখা গেছে। তাঁর মতে, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন সিপাহি-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

সভাপতির বক্তব্যে ছাত্রদল সভাপতি বলেন, গত ১৫ বছরে সংগীতশিল্পী জেমস যখন ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করতেন, তখন তাঁকে বারবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অংশ বাদ দিতে বাধ্য করত ছাত্রলীগ। তবে এবার তাঁদের আয়োজিত কনসার্টে গানটি পরিবেশনের সময় শেখ মুজিবুর রহমানের নামসংবলিত অংশ বাদ দেওয়ার জন্য জেমসকে কোনো চাপ দেওয়া হয়নি।

রাকিব বলেন, তাঁরা চান, প্রত্যেকে যেন যার যার প্রাপ্য সম্মান পান। এ কারণেই গানের কোনো অংশ বাদ দেওয়ার প্রয়োজন মনে করেননি তাঁরা।

ছাত্রদল সভাপতি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ বারবার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। দেশ ছেড়ে পালিয়েও দলটির নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ কোনো সংকটে পড়লে ছাত্রদল সবার আগে রাজপথে নেমে ষড়যন্ত্র নস্যাৎ করবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ অন্য নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App