‘১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৩ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার বকেয়া টাকা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ২০২২ ও ২০২৩ সালে আবেদন করা শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি হজযাত্রী এবং দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী, অর্থের প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধ করা হবে।
আরও পড়ুন: বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু যেদিন থেকে
সংসদীয় কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদন করা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী।
তিনি বলেন, সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়ন করা হলে দীর্ঘদিন ধরে পাওনার অপেক্ষায় থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি অনেকটাই কমবে।
বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং সংসদীয় কমিটির সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিঞা, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ উপস্থিত ছিলেন।
