‘পালানোর পর রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত
যারা রক্তের স্বাদ পেয়েছে, তারা রক্তপাত ছাড়া শান্তিতে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনার রক্তের তৃষ্ণা আরও বেড়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে তাঁর অনুসারীদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তিনি পার্শ্ববর্তী দেশ থেকে তাঁর অভ্যন্তরীণ অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। এর নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম।
বিএনপির এই নেতা বলেন, ‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে, আরও গভীর হয়েছে। তারা এ দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত এখনো ঝরাচ্ছে।’
এ সময় নেতাকর্মীদের আশ্বস্ত করে রিজভী বলেন, অনেক চেষ্টা করেও কেউ এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেড়ে নিতে পারবে না। একইভাবে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের অধিকারও কেউ কেড়ে নিতে পারবে না। এসব হত্যাকাণ্ডের বিচার হবে।
এর আগে বৈরী আবহাওয়ার মধ্যে বেলা ১১টার দিকে কালিয়া উপজেলায় পৌঁছান রিজভী। পরে পৌর এলাকার চাঁদপুরে কবরস্থানে গিয়ে নিহত শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
সফরে তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
