×

ক্যাম্পাস

শিক্ষক নিয়োগের গুঞ্জন

শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার গুঞ্জনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে জনসন রোডের দিকে যায়। এ সময় শিক্ষার্থীরা ‘মেধার মূল্যায়ন চাই’, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে’, ‘শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না’ এবং ‘কমিটি পদ্ধতি মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, এনটিআরসিএর মাধ্যমে দীর্ঘদিন ধরে পরীক্ষা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এই পদ্ধতি পরিবর্তন করে নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে শিবিরের কড়া প্রতিবাদ

সমাবেশে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বলেন, দেশের বিপুলসংখ্যক নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার ওপর আস্থা রেখেই তারা শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই বিদ্যমান নিয়োগ কাঠামোয় কোনো পরিবর্তন আনার আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যত বেশি কেন্দ্রীয় ও প্রযুক্তিনির্ভর হবে, তত বেশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। অন্যদিকে প্রতিষ্ঠানভিত্তিক কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হলে অনিয়ম, তদবির ও পক্ষপাতিত্বের সুযোগ তৈরি হতে পারে। এর ফলে শিক্ষার সামগ্রিক মানও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সমাবেশ থেকে দ্রুত শিক্ষক নিয়োগে এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রাখা, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা এবং শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের উদ্বেগ বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও বড় পরিসরে কর্মসূচি ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই

এনটিআরসিএ ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা ডাকসুর

এনটিআরসিএ ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা ডাকসুর

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন

দাঁড়িপাল্লায় ৭১ ও ২৪ চিত্রকর্ম নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন শিল্পী

দাঁড়িপাল্লায় ৭১ ও ২৪ চিত্রকর্ম নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন শিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App