×

ক্যাম্পাস

নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপে ভয়াবহ সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম

নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপে ভয়াবহ সংঘর্ষ

ছবি : সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক সমন্বয়ক ও ছাত্রদলের এক নেতাসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) গভীর রাত থেকে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় কয়েক দফায় সংঘর্ষ হয়। আহতদের মধ্যে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন শাখা ছাত্রদলের ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ফলিত গণিত বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হাসান এবং কৃষি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম।

যেভাবে সংঘর্ষের সূত্রপাত

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে আব্দুল মালেক উকিল হলের একটি কক্ষের সিট পরিবর্তন নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সিনিয়র-জুনিয়র কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর রাত ৩টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীরা সংঘবদ্ধ হয়ে সিনিয়র সহসভাপতি সাব্বির হাসানের অনুসারী আনিসুর রহমান সিফাতের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তাকে মারধর করে হল থেকে বের করে দেওয়া হয়। পরে সিফাত পকেট গেট এলাকায় চলে যান।

এরপর পকেট গেট এলাকায় সামিউল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে হলের ভেতরে সাবেক সমন্বয়ক জাহিদুল ইসলাম হাসানও মারধরের শিকার হন বলে জানা গেছে।

ঘটনার সময় দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিকও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রদল নেতার অভিযোগ

হামলার শিকার ছাত্রদল নেতা আনিসুর রহমান সিফাত অভিযোগ করেন, সিট নিয়ে সামান্য বাকবিতণ্ডাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান। তিনি দাবি করেন, তাকে মারধর করে হল থেকে বের করে দেওয়া হয়েছে।

সিফাত আরও অভিযোগ করেন, ক্যাম্পাসে পেশিশক্তির রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাব্বির হাসান বলেন, তিনি রাতে ওই কক্ষে খাবার খেতে গিয়েছিলেন। একটি সিট এক্সচেঞ্জ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হলেও পরে বিষয়টির সমাধান হয় এবং সবাই চলে যান।

তবে পরে ছাত্রদলের এক নেতার ওপর হামলার ঘটনা ঘটে দাবি করে তিনি বলেন, এটি স্পষ্ট সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ। বিষয়টি ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে এবং তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

অন্যদিকে অভিযোগের বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন।

শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানের বক্তব্য জানতে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ব্যবস্থা নেওয়ার কথা প্রশাসনের

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ ফ ম আরিফুর রহমান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। হলের প্রভোস্ট বডি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘটনাটি জানানো হয়েছে।

তিনি জানান, আনসার সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রক্টরিয়াল বডির একটি সভা ডাকা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

স্কুলে গুলি, নিহত দুই শিক্ষার্থী

স্কুলে গুলি, নিহত দুই শিক্ষার্থী

নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপে ভয়াবহ সংঘর্ষ

নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপে ভয়াবহ সংঘর্ষ

দেশে ফিরলেন বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

দেশে ফিরলেন বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App