ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্কের মধ্যেই এবার জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের একটি ছবি সাঁটানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালায় ছবিটি সাঁটান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া।
ছবিটিতে বায়তুল মোকাররম এলাকায় উপস্থিত একদল মানুষকে গোলাম আযমের দিকে জুতা নিক্ষেপ করতে দেখা যায়। ছবির নিচে দেওয়া ক্যাপশনে লেখা রয়েছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন।’
আরও পড়ুন: ‘ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে’
ছবিটি সাঁটানোর কারণ জানতে চাইলে অর্ক বড়ুয়া বলেন, ডাকসু সংগ্রহশালা বাংলাদেশের মানুষের বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও ঐতিহাসিক ঘটনাবলির একটি আর্কাইভ হিসেবে কাজ করে। তাঁর ভাষ্য, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক সেখানে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি যুক্ত করার পর জানিয়েছিলেন, নিজের ইচ্ছা থেকেই তিনি ছবিটি লাগিয়েছেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তিনিও গোলাম আযমকে নিয়ে ছবিটি সাঁটিয়েছেন।

অর্ক বড়ুয়া বলেন, ‘ডাকসু সংগ্রহশালা বাংলাদেশের মানুষের লড়াই ও ঐতিহাসিক ঘটনাবলির একটি আর্কাইভ। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক এখানে জিন্নাহর ছবি লাগানোর পর বলেছেন, তাঁর ইচ্ছা হয়েছে বলে তিনি ছবিটি লাগিয়েছেন। আমারও ইচ্ছা হয়েছে, তাই আমি গোলাম আযমের এই ছবি লাগিয়েছি।’
জিন্নাহর ছবি ঘিরে বিতর্ক
এর আগে ডাকসু সংগ্রহশালার সংস্কারকাজ শেষে ভাষা আন্দোলন নিয়ে সংরক্ষিত গ্যালারিতে মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি অন্তর্ভুক্ত করার বিষয়টি সামনে আসে। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় রোববার ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমকে নিয়ে জুতা নিক্ষেপের ছবি সাঁটানো হয়।
এদিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর ছবি-সংবলিত দুটি ফ্রেম ভাঙচুর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আবু তৈয়ব প্রথমে সংগ্রহশালায় প্রদর্শিত জিন্নাহর একটি ছবির ফ্রেম ভেঙে ফেলেন। পরে ছবিটি ফ্রেম থেকে বের করে ছিঁড়ে ফেলেন। এরপর আরও দুটি ছবি মেঝেতে আছড়ে ভাঙেন এবং সেগুলোও ছিঁড়ে ফেলেন।
এ ঘটনার পর তিনি জিন্নাহর ছবি ডাকসু সংগ্রহশালায় প্রদর্শনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক কোনো ব্যক্তির ছবি ডাকসুর মতো ঐতিহাসিক স্থানে প্রদর্শন করা উচিত নয়।
জানা গেছে, আবু তৈয়ব ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচনে সবচেয়ে প্রবীণ প্রার্থী হিসেবে আলোচনায় এসেছিলেন।
ডাকসু সংগ্রহশালায় একের পর এক ছবি সাঁটানো, প্রদর্শন এবং ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে নতুন করে উত্তেজনা ও বিতর্ক তৈরি হয়েছে।
