ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিভিন্ন ছাত্রাবাস থেকে বেরিয়ে কয়েক শ শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দিতে চট্টগ্রাম শহর থেকেও একাধিক বাসে করে শিক্ষার্থীরা চুয়েট ক্যাম্পাসে আসেন। পরে তারা আবাসিক হল থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন।
চুয়েটের মেটারিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ মাহমুদ সাজিদ বলেন, সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের ‘অপমানজনক অপসারণ’ মেনে নিচ্ছেন না। তারা রাতে যতক্ষণ সম্ভব বিক্ষোভ চালিয়ে যাবেন। মঙ্গলবার সকালে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, তারা পরিস্থিতি সম্পর্কে সতর্ক রয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।
এর আগে গত ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ২৮ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
উপাচার্য পরিবর্তনের এ সিদ্ধান্তের পরই চুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। রাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তারা তাদের প্রতিবাদ জানান।
