×

রাজধানী

ঝুম বৃষ্টিতে ভরদুপুরে যেন রাত নেমেছে রাজধানীতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:৫৫ পিএম

ঝুম বৃষ্টিতে ভরদুপুরে যেন রাত নেমেছে রাজধানীতে

ছবি : সংগৃহীত

টানা তৃতীয় দিনের মতো ঝুম বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। ভরদুপুরেই যেন নেমে এসেছে রাতের আবহ, অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। মঙ্গলবার (২৬ মে) বেলা ১২টার দিকে আকাশ কালো করে শুরু হয় ভারী বর্ষণ। দিনের আলো ম্লান হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় গুমোট ও অন্ধকার পরিবেশ।

ঈদের ছুটি শুরু হয়েছে সোমবার থেকেই। এরইমধ্যে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। ফলে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন, তাদেরও পড়তে হয়েছে ভোগান্তিতে। হঠাৎ শুরু হওয়া ঝুম বৃষ্টির কারণে অনেককে আশ্রয় নিতে দেখা গেছে আশপাশের দোকান ও ভবনের নিচে।

বৃষ্টির কারণে অনেক এলাকায় জনজীবনও কিছুটা স্থবির হয়ে পড়ে। তবে কয়েকদিনের অসহনীয় গরমের পর টানা বৃষ্টিতে রাজধানীতে স্বস্তিকর আবহাওয়া ফিরে এসেছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

আরো পড়ুন : ২৪ ঘণ্টায় ঢাকায় রেকর্ড ৮০ মিলিমিটার বৃষ্টি

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঢাকা শহরের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বেলা পৌনে ১২টা থেকে দুপুর ৩টার মধ্যে এই বজ্রসহ বৃষ্টি রাজধানীতে আঘাত হানতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, এই সময়ের মধ্যে ঢাকা শহরের আশপাশের জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরেকটি পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে একটি বজ্রঝড় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে আরেকটি ঝড় অতিক্রম করছে। একইসঙ্গে দুপুর ১২টার আগেই খুলনা বিভাগে আরো একটি ঝড় প্রবেশ করতে পারে। প্রতিটি ঝড়ই দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে অতিক্রমরত ঝড়টি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর থেকে বিকেল ৫টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে। পরে এটি ব্রাহ্মণবাড়িয়া, উত্তর কুমিল্লা ও ভারতের ত্রিপুরা রাজ্য অতিক্রম করে আবারও চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে পারে।

চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে বিকেল ৫টার পর থেকে রাত ১০টার মধ্যে ঝড়টি মধ্য ও দক্ষিণ চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানান তিনি।

এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে অবস্থানরত আরেকটি ঝড় দুপুর ১২টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলো অতিক্রম করতে পারে। একইসঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলাতেও দুপুর ১টার মধ্যে ঝড়টি প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করা হয়।

তৃতীয় ঝড়টি খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে খুলনা, বাগেরহাট, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে এসব এলাকায় ঝড়ের প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পোস্টে উল্লেখিত জেলার কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App