রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
‘শিকড় পরিবহন’-এর একটি বাসে আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ও বাড্ডায় তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। একই সময়ে যাত্রাবাড়ীতে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে বাসটিতে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিসের কাছে কোনো তথ্য নেই বলে জানা গেছে।
ওসি হাফিজুর রহমান বলেন, ‘কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বাসটি পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।’
আরও পড়ুন: পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি
এর আগে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তিনি জানান, চলন্ত অবস্থায় বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডা ইউলুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীতে আলিফ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কে বা কারা বাসটির পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
অন্যদিকে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
একই সন্ধ্যায় রাজধানীর পৃথক এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাগুলো নিয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ তদন্ত করছে।
