পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের চার কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সারোয়ার হোসাইনকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই আদেশে আরও দুই কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।
আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: তেজগাঁও মসজিদে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
অন্যদিকে, মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনা নিয়ে পুলিশের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনার পর গুলশান বিভাগের ডিসি ও গুলশান থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় এবার গুলশান জোনের এডিসিসহ ডিএমপির আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হলো।
