রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম
আদাবরের একটি বাড়ির জানালার কাচ ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ছবি: সংগৃহীত
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় দেশি অস্ত্র নিয়ে একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল বাড়িটিতে হামলা চালিয়ে মূল ফটক, সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে।
বাড়ির মালিক আমিনুর রহমান খানের ভাতিজা মনির হোসেন গণমাধ্যমকে জানান, হামলাকারীরা প্রথমে মূল ফটক খুলে সবাইকে বের হয়ে যাওয়ার হুমকি দেয়। ভেতর থেকে কেউ সাড়া না দেওয়ায় তারা বাইরে থেকে টাকা দাবি করে এবং চাপাতি ও রামদা দিয়ে গেটে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ ছাড়া ইটের টুকরা ছুড়ে দ্বিতীয় তলার দুটি জানালার কাচ ভেঙে ফেলা হয়। পরে আতঙ্কিত ভাড়াটিয়ারা নিচে নেমে এলে পুলিশে খবর দেওয়া হয়।
পূর্ববিরোধ ও দখলদারিত্বের অভিযোগ
ভুক্তভোগী পরিবারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ১৭ আগস্ট খোরশেদ আলম নামের এক ব্যক্তি বাড়িটি জোরপূর্বক দখল করে নেন। পরবর্তীতে আদাবর থানায় অভিযোগ ও থানায় সুরাহা না পেয়ে আদালতে মামলা করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ১২ মার্চ আদালতের মাধ্যমে বাড়িটির দখল ফিরে পায় মালিকপক্ষ।
আরও পড়ুন: দৌলতপুরে ‘নাশকতার’ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বাড়ি দখল ও অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি আরও জানান, বাড়িটির মালিক আমিনুর রহমান ও খোরশেদ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলছে এবং এর আগেও পাল্টাপাল্টি দখলের ঘটনা ঘটেছে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য উভয়পক্ষকে থানায় ডাকা হলেও তারা উপস্থিত হননি। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
