১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ওই দুই কর্মীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক হওয়া ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সিআইআইডির কর্মকর্তারা ঢাকার শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।
আরও পড়ুন: দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দুবাই থেকে আসা ইমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) রানওয়ের যে স্থানে অবস্থান করছিল, সেখান থেকে দুই বিমানকর্মীর জুতার ভেতরে ‘বিশেষ কায়দায়’ লুকানো ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
সিআইআইডি বলছে, বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে এল এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল— এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
