মুরাদনগর
১০ দিনে টাকা দ্বিগুণের প্রলোভন, ১০ কোটি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠান
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা)
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
ছবি: সংগৃহীত
মাত্র ১০ দিনে জমা টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন। সেই আশায় কেউ জমিয়েছেন নিজের সঞ্চয়, কেউবা পরিবারের সদস্যদের নামে তুলে দিয়েছেন লাখ লাখ টাকা। এভাবে প্রায় তিন মাসে প্রায় ১ হাজার ২০০ গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১০ কোটি টাকা সংগ্রহের পর কার্যালয় বন্ধ করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে ‘আইসেল ওয়ান মার্কেট’ নামের একটি কথিত আর্থিক প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকদের বিরুদ্ধে।
এ ঘটনায় বাড়ির মালিকসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির তিন মাঠকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা দক্ষিণপাড়ায় আব্দুর রহমানের বাড়িতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মো. সাইফুল ইসলাম (৩০), পশ্চিম সোনাউল্লাহ গ্রামের শরীফুল ইসলাম (৩৩) এবং দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের নজরুল ইসলাম (৪৪)। তাঁরা প্রতিষ্ঠানটির মুরাদনগর শাখার মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মুরাদনগরে কার্যক্রম শুরু করে ‘আইসেল ওয়ান মার্কেট’। প্রতিষ্ঠানটি গ্রাহকদের ১০ দিনের মধ্যে জমা করা টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের অর্থ সংগ্রহ করত।
মামলার বাদী ও ভুক্তভোগী মো. ফারুক মিয়ার অভিযোগ, তিনি নিজের ও পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানটিতে মোট ৯ লাখ ৫০ হাজার টাকা জমা দেন। ১০ দিনের মধ্যে ওই টাকা দ্বিগুণ করে ১৯ লাখ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
এজাহারে আরও বলা হয়, ১৭ নভেম্বর সকালে প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকেরা গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে গেছেন এমন খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রাহক কার্যালয়ে জড়ো হন। এ সময় উত্তেজিত গ্রাহকেরা সেখানে থাকা তিন মাঠকর্মীকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।
ফারুক মিয়ার দাবি, আটক মাঠকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ২০০ গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১০ কোটি টাকা সংগ্রহ করেছে। গ্রাহকেরা প্রতিষ্ঠানের বৈধতার কাগজপত্র দেখতে চাইলে বাড়ির মালিক তা দেখাতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা তাঁদের জমা করা অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটক তিনজনকে বুধবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
