স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
ছবি: ভোরের কাগজ
দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রীকে তালাক দিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার হোসেন মৃধা। তবে বিচ্ছেদের চেয়েও এলাকায় বেশি আলোচনার জন্ম দিয়েছে তাঁর ব্যতিক্রমী আয়োজন। স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এক মণ মিষ্টি বিতরণ করে জীবনের তিক্ত অধ্যায়ের সমাপ্তি উদ্যাপন করেছেন। তাঁর এমন অভিনব আয়োজন ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ফলিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের খবর ছড়িয়ে পড়লে ঘটনাটি দেখতে তাঁর বাড়িতে ভিড় করেন উৎসুক এলাকাবাসী। মুহূর্তেই বিষয়টি গ্রামজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় একজন প্রথম শ্রেণির মেরিন মাস্টার। প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সঙ্গে তাঁর বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের ঘরে জন্ম নেয় এক ছেলে ও দুই মেয়েসন্তান। হাসি-কান্না, সুখ-দুঃখ আর নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে চলছিল তাঁদের সংসার।
তবে সম্প্রতি স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয় বলে দাবি করেন হোসেন মৃধা। তাঁর অভিযোগ, এ বিষয়টি নিয়ে সংসারে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। পারিবারিকভাবে একাধিকবার আলোচনা ও সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
তালাকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বুধবার বিকেলে এক মণ দুধ দিয়ে গোসল করেন হোসেন মৃধা। এরপর এলাকাবাসীর মধ্যে এক মণ মিষ্টি বিতরণ করেন। তাঁর দাবি, দীর্ঘদিনের মানসিক কষ্ট ও দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রতীকী পদক্ষেপ হিসেবেই এই আয়োজন করেছেন তিনি।
নিজের এমন ব্যতিক্রমী আয়োজনের কারণ জানতে চাইলে হোসেন মৃধা বলেন, ১৮ বছরের দীর্ঘ সংসারে আমাদের তিনটি সন্তান রয়েছে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে এবং সংসারের সুখ-শান্তি বজায় রাখতে আমি দিনের পর দিন অনেক নির্যাতন ও মানসিক কষ্ট সহ্য করেছি। কিন্তু স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। নিজের মানসিক শান্তি এবং সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আজ দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের মাধ্যমে সেই বিষাদময় অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে নিজেকে পাপ ও কলঙ্কমুক্ত ঘোষণা করলাম।
এ বিষয়ে বক্তব্য জানতে তালাকপ্রাপ্ত স্ত্রী আশরাফিয়া পিংকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ, পরকীয়া সম্পর্কের অভিযোগ এবং তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল ও এক মণ মিষ্টি বিতরণের ব্যতিক্রমী আয়োজন—সব মিলিয়ে ঘটনাটি এখন আলফাডাঙ্গাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চলছে নানা আলোচনা ও কৌতূহল।
