×

ময়মনসিংহ

শেরপুর

সীমান্তের জিরো পয়েন্টে গরুর খামার, সরকারি ও বনভূমি দখলের অভিযোগ

Icon

খোরশেদ আলম, শেরপুর

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

সীমান্তের জিরো পয়েন্টে গরুর খামার, সরকারি ও বনভূমি দখলের অভিযোগ

ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় গরুর খামার গড়ে তোলার অভিযোগ উঠেছে। উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি বানাইপাড়া সীমান্ত এলাকায় গাজীপুরের বাসিন্দা মো. সাইদুল হক নামে এক ব্যক্তি এ খামার নির্মাণের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় সরকারি ও বন বিভাগের জমি দখল এবং সীমান্ত এলাকায় চোরাচালানসহ অবৈধ কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বানাইপাড়া সীমান্ত এলাকায় প্রায় ১০ একর সরকারি, বন বিভাগের ও ব্যক্তি মালিকানাধীন জমি নিয়ে গত ছয় মাস ধরে গরুর খামার নির্মাণের কাজ চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় খামার নির্মাণের পাশাপাশি বিভিন্ন স্থাপনা গড়ে তুলছেন। এসব স্থাপনা নির্মাণের উদ্দেশ্য নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, শহরের উন্নত এলাকা ছেড়ে সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় এসে প্রভাবশালী ব্যক্তিদের এ ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। এসব স্থাপনা ঘিরে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয়দের আরও অভিযোগ, নির্মাণাধীন খামারের কাজে মালাঝোড়া থেকে উত্তোলিত পাথর ও বালু ব্যবহার করা হচ্ছে। সরেজমিনে মালাঝোড়ার দুই পাশে পাথর ও বালু উত্তোলন করে স্তূপ করে রাখার দৃশ্য দেখা গেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কার্যকর ভূমিকা না থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা।

অন্যদিকে, গারো পাহাড়ের বনাঞ্চলে বন্যহাতির খাদ্যভান্ডার ও অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বনাঞ্চলে বসবাসরত লোকজনকে সরিয়ে পুনর্বাসনের প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বনাঞ্চলের ভেতরে বেসরকারিভাবে নতুন করে খামার ও স্থাপনা নির্মাণের উদ্যোগ সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল লতিফ বলেন, সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ পর্যন্ত এলাকাকে জিরো পয়েন্ট এলাকা হিসেবে বিবেচনা করা হয়। নির্মাণাধীন গরুর খামারটি ওই দূরত্বের বাইরে রয়েছে। তবে খামারের ভবন নির্মাণের সময় ভেকু দিয়ে গাছের গোড়া উপড়ে ফেলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা প্রতিবাদ জানিয়েছিলেন। পরে তাঁরা কাজ বন্ধ করে দেন।

খামারের মালিক গাজীপুরের মো. সাইদুল হক বলেন, রেকর্ডীয় জমি কিনে সেখানে গরুর খামার গড়ে তোলার কাজ শুরু করেছেন। যে ঝোড়া থেকে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে, সেটিও তাঁর রেকর্ডীয় জমির অংশ। সেখানে খামার প্রতিষ্ঠিত হলে স্থানীয় লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও দাবি করেন তিনি।

রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবউল্লাহ বলেন, তিনি সম্প্রতি ওই এলাকায় দায়িত্ব গ্রহণ করেছেন। চার দিন আগে বিষয়টি জানতে পেরেছেন। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দা রানী ভৌমিক বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাংশা ও ধানশাইল ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

সীমান্তের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় সরকারি ও বন বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণ এবং পাহাড়ি ঝোড়া থেকে পাথর-বালু উত্তোলনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইনের বিতর্কিত ধারা সংশোধনের আহ্বান

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইনের বিতর্কিত ধারা সংশোধনের আহ্বান

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

সীমান্তের জিরো পয়েন্টে গরুর খামার, সরকারি ও বনভূমি দখলের অভিযোগ

শেরপুর সীমান্তের জিরো পয়েন্টে গরুর খামার, সরকারি ও বনভূমি দখলের অভিযোগ

১০ দিনে টাকা দ্বিগুণের প্রলোভন, ১০ কোটি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠান

মুরাদনগর ১০ দিনে টাকা দ্বিগুণের প্রলোভন, ১০ কোটি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App