ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় টিএসসি এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবনের পাশ, ভিসি চত্বর এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৃথক সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া শাহবাগ এলাকাতেও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন তারা।
ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে উদ্যানের দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মেট্রোরেলের পাশের টিএসসি গেটে বিস্ফোরণের পর কয়েকজনকে দৌড়ে পালাতে দেখা যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া করে দুজনকে আটক করেন।
এদিকে, ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে তারা বিভিন্ন স্লোগান দেন।
প্রাথমিকভাবে এসব বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহের কথা বলা হলেও এর পক্ষে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কারা, কী উদ্দেশ্যে এবং কীভাবে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
