মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত
অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আগামী ডিসেম্বরে নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফরের কথা থাকলেও অনিবার্য কারণে তা আপাতত হচ্ছে না। একই কারণে তাঁর পূর্বনির্ধারিত থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত হয়েছে।
মালয়েশিয়ার নির্ভরযোগ্য সূত্রগুলোর তথ্য অনুযায়ী, দেশটির জোট সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে জটিলতা তৈরি হওয়ায় আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর পেছানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় দেশের সুবিধাজনক সময় ও তারিখে সফরটি পুনর্নির্ধারণ করা হবে।
এর আগে গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের ৭ ও ৮ ডিসেম্বরের বাংলাদেশ সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। সফর উপলক্ষে তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করা হয়।
সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠকের কথা ছিল। বৈঠকে অভিবাসী শ্রমিক নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার পরিকল্পনা ছিল।
উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।
এর আগে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে ঢাকা সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
