গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
ফাইল ছবি
গোপালগঞ্জের উত্তপ্ত পরিস্থিতির কারণে যাত্রী ও পরিবহনের নিরাপত্তা বিবেচনায় খুলনা-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল অব্যাহত রয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল অব্যাহত থাকবে। এ সময় কোনো বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করবে না।
জাহিদ খান আরও জানান, শনিবার বিকেলে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পর বাগেরহাটের মোল্লাহাটেও রাজপথে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সামগ্রিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এমন অবস্থায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিকপক্ষ বিকেল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
এদিকে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী দোলা পরিবহনের রাজধানীর শ্যামলী কাউন্টারে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, শনিবার বিকেল থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে বাস চলাচল করছে। কবে নাগাদ গোপালগঞ্জ হয়ে বাস চলাচল স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়।
